আইএস বিরোধী হামলার তথ্য জানানো হয় সিরিয়াকে
সিরিয়ার ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে জোট বাহিনীর বিমান হামলার বিষয়ে তৃতীয় পক্ষের কাছ থেকে সংবাদ পান বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদ।
মঙ্গলবার বিবিসি’কে দেয়া এক সাক্ষাৎকারে আসাদ বলেন, যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বিমান হামলায় তারা সরাসরি সহযোগিতা করছেন না।
গত বছর সেপ্টেম্বর থেকে সিরিয়ার আইএস জঙ্গিদের ওপর বিমান হামলা শুরু করে জোট বাহিনী। যুক্তরাষ্ট্র জানিয়েছিল, তাদের এই জোটে আসাদ বাহিনী অন্তর্ভূক্ত নয়। ওই সময় আসাদকে সমস্যা বলে বর্ণনা করা হয়।
আসাদ বাহিনী আলাদাভাবে আইএস জঙ্গিদের লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালাচ্ছে। দু’পক্ষের হামলার লক্ষ্য একই এলাকা হওয়ায় জোর গুঞ্জন, সিরিয়া ও যুক্তরাষ্ট্র একই আকাশ সীমায় তাদের বিমানগুলো উড়ানোর ক্ষেত্রে পরষ্পরের সঙ্গে তথ্য আদান-প্রদান করে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ যোগাযোগ রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে আসাদ বলেন, “এটা সত্যি। তৃতীয় পক্ষের মাধ্যমে এটা হয়। এই তৃতীয় পক্ষে একের অধিক পক্ষ রয়েছে। ইরাক ও অন্যান্য দেশ মাঝে মধ্যে খবর দেয়। যদিও সেগুলো খুবই সাধারণ খবর, কৌশলগত কিছু নয়।”
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বাহিনীর বিমান হামলা শুরু হওয়ার আগে সিরিয়া সরকার বিষয়টি জানত বলেও জানান আসাদ। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু তারা জানতেন না।
যুক্তরাষ্ট্র জানিয়েছিল, সেপ্টেম্বরে বিমান হামলা শুরুর আগে এ ব্যাপারে যুক্তরাষ্ট্রে নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূতকে বিষয়টি অবহিত করা হয়।
তৃতীয় পক্ষের সহায়তায় কোন আলোচনা হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে আসাদ বলেন, “কোন আলোচনা হচ্ছে না। শুধুমাত্র তথ্য নেয়া হয়, কোন আলোচনা নয়।”
ইরাকের কর্মকর্তারা জানান, তারা জোট বাহিনীর বিমান হামলার বিষয়ে ইরানকেও তথ্য প্রদান করেন। ইরান আসাদের গুরুত্বপূর্ণ মিত্রদের একজন।
২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্র আসাদ সরকারের কড়া সমালোচনা করে আসছে। যুক্তরাষ্ট্র মনে করে আসাদের ক্ষমতা ছেড়ে দেয়া উচিত। এমনকি, আসাদ বিরোধী অস্ত্রধারী কয়েকটি ছোট দলকে সামরিক সহায়তাও দিয়েছে যুক্তরাষ্ট্র।
