২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে ড্রোন হামলায় আইএস কমান্ডার নিহত

আফগানিস্তানে ড্রোন হামলায় (চালকবিহীন বিমান) সাবেক তালেবান কমান্ডার নিহত হয়েছেন। সম্প্রতি তিনি ইসলামিক স্টেটে (আইএস) উপ-প্রধান হিসাবে যোগ দিয়েছিলেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2015, 08:25 PM

Updated : 22 Aug 2022, 11:40 AM

হেলমান্দ প্রদেশের পুলিশ প্রধান নবি জান মোল্লাখেল রয়টার্সকে বলেন, সাবেক তালেবান কমান্ডার মোল্লা আব্দুল রউফ বিমান হামলায় মারা গেছেন।

গত মাসে তালেবান জঙ্গিদের সঙ্গে পালিয়ে গিয়ে আইএস এ যোগ দেন রউফ। হেলমান্দের উত্তরাঞ্চলে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় আদিবাসী এক নেতা বলেন, একটি গাড়িতে করে ছয়জন মরুভূমি পার হচ্ছিল। ওই সময় ড্রোন হামলায় গাড়িটি বিধ্বস্ত হয়।

ওই গাড়িতে রউফের একজন আত্মীয় এবং পাকিস্তানের আরো চারজন ছিলেন, যারা সবাই মারা গেছেন।

গাড়িটি গোলাবারুদে ভর্তি ছিল বলে খবর প্রকাশ হয়েছে।

আফগানিস্তানের গোয়েন্দা সংস্থাও রউফের নিহত হওয়ার বিষয়টি জানিয়েছে। তবে নেটো এখনও এ ব্যাপারে নিশ্চিত করে কিছু জানায়নি।

২০০১ সালে যুক্তরাষ্ট্রের সেনাদের হাতে ধরা পড়ার পর ছয় বছর গুয়ান্তানামো বে কারাগারে কাটিয়েছেন রউফ।

খবরে প্রকাশ পায়, পরে তিনি তালেবান নেতা মোল্লা ওমরের সঙ্গে পালিয়ে যান।

তালেবান ছেড়ে রউফ আইএস এ যোগ দেন। তিনি আইএস এর উপপ্রধান ‘খোরাসান’ হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। ওই অঞ্চলে আইএস এর প্রধান নেতা সাঈদ খান।