২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাইজেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন পিছিয়েছে

নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নাইজেরিয়ার ১৪ ফেব্রুয়ারির প্রেসিডেন্ট নির্বাচন পিছিয়ে নতুন তারিখ নির্ধারণ করেছে দেশটির নির্বাচন কমিশন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2015, 01:26 PM

Updated : 25 Apr 2022, 12:59 PM

রোববার বিবিসি জানিয়েছে, ২৮ মার্চ নির্বাচনটি অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেয়া হয়েছে। ১৪ ফেব্রুয়ারি পার্লামেন্ট নির্বাচনও পিছিয়ে ২৮ মার্চ নির্ধারণ করা হয়েছে।

রাজ্য পরিষদ ও রাজ্যগুলোর গভর্নর নির্বাচনও ২৮ ফেব্রুয়ারি থেকে পিছিয়ে ১১ এপ্রিল নির্ধারণ করা হয়েছে।

নির্বাচন কমিশন প্রধান আত্তহিরু জেগা জানিয়েছেন, দেশের উত্তরপূর্বাঞ্চলে বোকো হারাম জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে ব্যস্ত থাকায় নির্বাচনের সময় কেন্দ্রগুলোয় টহল দেয়ার জন্য পর্যাপ্ত সেনা পাওয়া যাবে না বলে তাকে জানানো হয়েছে।

আফ্রিকান ইউনিয়নের (এউ) পৃষ্ঠপোষকতায় প্রতিবেশী চারটি দেশসহ নাইজেরিয়া বোকো হারাম অধ্যুষিত এলাকায় ৮,৭০০ সেনার একটি জোট বাহিনী মোতায়েনের পরিকল্পনা করেছে।

এ কারণে সেনা না পাওয়ার বিষয়টি অনুমিত হলেও নির্বাচন পেছাতে নির্বাচন কমিশনের উপর ক্ষমতাসীন পিপলস ডেমক্রেটিক পার্টির চাপের বিষয়টিও প্রকাশ পেয়েছে।

জেগা বলেছেন, “জাতীয় নিরাপত্তা প্রধানদের পরামর্শ হাল্কাভাবে উড়িয়ে দিতে পারে না কমিশন।”

“নিরাপত্তার কোনো নিশ্চয়তা যেখানে দেয়া যাচ্ছে না, সেখানে মানুষকে তার গণতান্ত্রিক অধিকার চর্চা করার আহ্বান জানানো কঠিন কাজ,” বলেছেন তিনি।

নাইজেরিয়ার প্রধান বিরোধীদল অল প্রগ্রেসিভ কংগ্রেস ও যুক্তরাষ্ট্র নির্বাচন পেছানোর সমালোচনা করেছে। নির্বাচনের তারিখ পেছানোর বিতর্কিত সিদ্ধান্তে দেশটিতে অস্থিরতা ছড়িয়ে পড়ার শঙ্কা তৈরি হয়েছে।

নির্বাচনে ডেমক্রেটিক পার্টির প্রার্থী ক্ষমতাসীন প্রেসিডেন্ট গুডরাক জোনাথন, তার প্রধান প্রতিদ্বন্দ্বি প্রগ্রেসিভ পার্টির প্রার্থী সাবেক সেনা শাসক মুহাম্মাদু বুখারি। নির্বাচনে দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছিল।

প্রগ্রেসিভ পার্টির চেয়ারম্যান জন অদিজি ওয়েগুন বলেছেন, “এই দূর্ভাগ্যজনক পরিস্থিতিকে আরো জটিল করে তোলার মতো তৎপরতা ও সহিংসতা থেকে বিরত থেকে শান্ত থাকার জন্য আমি সব নাইজেরীয়র প্রতি জোরালো আবেদন জানাচ্ছি।”