জর্ডানের সমালোচনায় ইইউ
ইসলামিক স্টেটের (আইএস) হাতে বিমান চালক নিহত হওয়ার ঘটনায় জর্ডানের প্রতি সমবেদনা প্রকাশের পাশাপাশি দেশটির সরকারের সমালোচনা করেছে ইউরোপীয় ইউনিয়ন।
বিমান চালক মুয়াথ আল-কাসায়েসবেহকে পুড়িয়ে হত্যা করার ভিডিও প্রকাশের পরপরই জর্ডানে বন্দি ইরাকের দুই জঙ্গির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
ইইউ’র পক্ষ থেকে বুধবার এক যৌথ বিবৃতিতে এফ-১৬ বিমান চালক আল-কাসায়েসবেহকে নির্মমভাবে হত্যার নিন্দা জানানোর পাশাপাশি আইএস’র বিরুদ্ধে যুদ্ধে সামনে থেকে অংশ নেয়ার জন্য জর্ডানের প্রশংসা করা হয়।
সেইসঙ্গে ইরাক ও সিরিয়ার শরণার্থীদের আশ্রয় দেয়ার জন্যও জর্ডান সরকারের প্রশংসা করা হয়।
তবে দুই বন্দিকে মৃত্যুদণ্ড দেয়ায় জর্ডান সরকারের সমালোচনা করে বলা হয়, “যখন সন্ত্রাস রুখতে এবং অপরাধীদের বিরত রাখতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তখন ইসলামিক স্টেটের হুমকির প্রতিক্রিয়ায় আমাদের আরো ধৈর্যশীল হওয়া প্রয়োজন। সেই সঙ্গে বন্দিদের ন্যায়বিচার পাওয়ার অধিকারের বিষয়ে আমাদের মূল্যবোধকেও ধরে রাখতে হবে।”
“আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে এবং মানবিক মূল্যবোধ বজায় রেখে আমাদের প্রতিক্রিয়া জানাতে হবে। ইউরোপীয় ইউনিয়ন এখনো শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেয়ার বিপক্ষে।”
