২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘সন্ত্রাসের সঙ্গে লড়াইয়ের পথ বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে কাজ করা’

বিদেশে নিজেদের নাগরিকদের রক্ষার জন্য সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে বিশ্ব সম্প্রদায়ের সদস্য হিসেবে জাপান তার দায়িত্ব পরিপূর্ণভাবে পালনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 02 Feb 2015, 03:55 PM

Updated : 22 Aug 2022, 11:37 AM

ইসলামিক স্টেট (আইএস) জাপানি জিম্মি সাংবাদিক কেনজি গোতোকে শিরশ্ছেদে হত্যার ঘোষণা দেয়ার একদিন পর সোমবার ওই কথা বলেন জাপানি প্রধানমন্ত্রী।

বিদেশে জাপানি নাগরিকদের জিম্মি অবস্থা থেকে উদ্ধারে জাপানি সামরিক বাহিনীর সম্ভাবনা নিয়ে আলোচনা চান বলেও জানিয়েছেন তিনি।

বন্দি বিনিময়ের মাধ্যমে গোতার মুক্তির আন্তর্জাতিক প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর রোববার তাকে শিরশ্ছেদ করার কথা জানায় আইএস। এক সপ্তাহ আগে অপর জাপানি জিম্মি হারুনা ইয়ুকাওয়া’কেও হত্যা করেছিল আইএস জঙ্গিরা।

“জাপানি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা জাপানি সরকারের দায়িত্ব, আর এদের মধ্যে আমার দায়িত্বই সবচেয়ে বেশি,” পার্লামেন্টে কমিটির এক বৈঠকে বলেছেন অ্যাবে।

তিনি বলেছেন, “সন্ত্রাসের সঙ্গে লড়াইয়ের একমাত্র পথ বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে মিলেমিশে কাজ করা।”

বিপদে পড়া জাপানিদের উদ্ধারের বিষয়ে একটি রূপরেখা তৈরির জন্য আলোচনা চান বলেও এ সময় জানান তিনি।

পার্লামেন্টের ওই প্যানেলে তিনি বলেন, জাপান আইএস’র বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পরিচালিত বিমান হামলায় অংশ নিতে পারেনি, এই অভিযানে কোনো লজিস্টিক সাপোর্টও দিতে পারেনি।

মধ্যপ্রাচ্যে জাপানি জিম্মিদের হত্যায় দেশটির সেনাবাহিনীকে বিদেশে উদ্ধার অভিযান চালানোর
অনুমতি দেয়ার দাবি জোরালো হচ্ছে। অ্যাবেও চান দেশের নিরাপত্তা বাহিনীগুলোকে আরো শক্তিশালী করতে।

কিন্তু দেশটির দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর শান্তিবাদী সংবিধানের কারণে তা সম্ভব হচ্ছে না।

আইনি সীমাবদ্ধতা সহজ করতে পার্লামেন্টের কাছে সংবিধান সংস্কারের একটি প্রস্তাব পেশ করার পরিকল্পনা করেছে অ্যাবে সরকার। তবে আইনি সীমাবদ্ধতা কাটিয়ে উঠলেও জাপানি সামরিক বাহিনী সহসা এ ধরনের উদ্ধার অভিযান চালাতে সক্ষম হবে না বলে মনে করছেন বিশ্লেষকরা।