২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পূর্বসূরির পথেই দেশ চালাবেন নতুন সৌদি বাদশাহ

পূর্বসূরির দেখানো পথেই দেশ চালানোর ঘোষণা দিয়েছেন সৌদি আরবের নতুন বাদশাহ সালমান বিন আব্দুল-আজিজ আল সউদ। প্রয়াত বাদশাহ আবদুল্লাহর নীতিও অনুসরণের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2015, 09:47 PM

Updated : 25 Apr 2022, 12:55 PM

বাদশাহ হওয়ার পর রাষ্ট্রীয় টেলিভিশনে প্রথম ভাষণে সালমান বলেন, “আল্লাহর ইচ্ছায় আধুনিক সৌদি আরবের রূপকার বাদশা আব্দুল আজিজের সময় থেকে যে পথে দেশ চলছে আমরা সে পথেই চলব।”

“সৌদি আরবের প্রতিষ্ঠালগ্ন থেকে চলে আসা সঠিক নীতিতেই আমরা অবিচল থাকব। আল্লাহ আমাকে সফলভাবে দেশের প্রিয় জনগণের জন্য কাজ করে যাওয়ার তৌফিক দান করুন”।

কয়েক দিন ধরে অসুস্থ বাদশাহ আব্দুল্লাহ বিন আব্দুল-আজিজ চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শুক্রবার ভোরে সরকারি এক ঘোষণায় তার মৃত্যুর খবর জানানো হয়।

বাদশাহ আব্দুল্লাহর স্বাস্থ্যের অবনতি ঘটায় বেশ কিছুদিন ধরে যুবরাজ সালমানই সৌদি বাদশাহীর দেখভাল করছিলেন। তাকে নতুন বাদশাহ ঘোষণার সঙ্গে সঙ্গে আব্দুলআজিজের সর্বকনিষ্ঠ সন্তান মুকরিনকে (৬৯) যুবরাজ ঘোষণা করেছে কর্তৃপক্ষ, যিনি এতদিন উপ-যুবরাজের দায়িত্বে ছিলেন।

ভাইয়ের ছেলে মোহাম্মদ বিন নায়েফকে (৫৫) উপ যুবরাজ করেছেন বাদাশাহ সালমান।

মোহাম্মদ বিন নায়েফ বাদশাহ আব্দুলআজিজের প্রথম নাতি যিনি উপ যুবরাজ হলেন। এ পথেই তিনি একসময় দেশের শাসনভার হাতে পাবেন।

বাদশাহ আব্দুল্লাহর মৃত্যুর খবর প্রকাশ পাওয়ার পর তাৎক্ষনিকভাবে তেলের দাম কিছুটা বেড়েছে। সেই সঙ্গে জ্বালানী বাজারে কিছুটা অনিশ্চয়তা দেখা দিয়েছে।

সম্প্রতি বিশ্ব বাজারে তেলের দাম বেশ পড়ে গেছে। আর বিশ্বের শীর্ষ তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব। এরকম পরিস্থিতিতে বাদশাহ সালমানকে দেশ পরিচালনার ভার নিতে হচ্ছে।

প্রতিবেশী দেশ ইরাক ও সিরিয়ায় আধিপত্য বিস্তার করা জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটও (আইএস) বাদশাহ সামলানের মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়াতে পারে। সৌদি আরবের সিংহাসন থেকে আল সউদ বংশকে সরিয়ে দেয়ার ঘোষণা দিয়েছে আইএস।

যুক্তরাষ্ট্রের সঙ্গে দোদুল্যমান সম্পর্কের একটা সমাধানও তাকে খুঁজতে হবে।

১৯৫৩ সালে আব্দুল-আজিজের মৃত্যুর পর তার ছেলেরাই ক্ষমতায় এসেছেন। পরবর্তী প্রজন্ম বিভিন্ন ক্ষমতাশালী পদের জন্য লড়াই করেছে।

বাদশাহ সালমান তার পুত্র মোহাম্মদ বিন সালমানকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়ার পাশাপাশি রাজকীয় আদালতে প্রধান করেছেন।

সালমানকে রক্ষণশীল ধর্মীয় নেতা, শক্তিশালী গোত্র, রাজপরিবার এবং পশ্চিমা মিত্রদের মধ্যে ভারসাম্য বজায় রেখে চলতে হবে। কারণ সৌদি আরবের নীতি নির্ধারণে প্রতিটি বিষয়ই গুরুত্বপূর্ণ।

খুব সম্ভবত পররাষ্ট্র নীতি ও জ্বালানী বিক্রয়ের ব্যাপারে প্রয়াত বাদশাহ আব্দুল্লাহর দেখানো পথেই চলবেন নতুন বাদশাহ।

যদিও বাদশাহ সালমানের স্বাস্থ্যের অবস্থা ও সক্ষমতা নিয়ে গুঞ্জন রয়েছে। তবে গত বছর যেসব কূটনীতিক নতুন বাদশাহর সঙ্গে বৈঠক করেছেন তারা সবাই বলেছেন, তিনি টানা কয়েক ঘণ্টা ধরে বৈঠক চালিয়ে যেতে পরিপূর্ণভাবে সক্ষম।