২০১৫ ও ১৬ সালে কমবে অর্থনৈতিক প্রবৃদ্ধি
বিশ্বে এ বছর এবং আগামী বছর অর্থনৈতিক প্রবৃদ্ধি কম হওয়ার পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।
গত বছর অক্টোবরে আইএমএফ প্রবৃদ্ধির হার ৩ দশমিক ৮ শতাংশ হওয়ার আনুমানিক হিসাব দিলেও এখন তা আরো কম হওয়ারই আভাস দিচ্ছে।
নতুন এ আনুমানিক হিসাবমতে, বিশ্বে ২০১৫ সালে অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে ৩ দশমিক ৫ শতাংশ এবং ২০১৬ সালে ৩ দশমিক ৭ শতাংশ।
তেলের দাম সস্তা হওয়ায় বিশ্ব অর্থনীতিতে বেশকিছুটা গতি সঞ্চারের সম্ভাবনার মাঝেও আগামী দিনগুলোতে কম প্রবৃদ্ধি হওয়ার এ আভাস দিল আইএমএফ।
অন্যান্য নেতিবাচক কারণে বিশেষত দুর্বল বিনিয়োগের কারণে আইএমএফ প্রবৃদ্ধি কমার এ আশঙ্কা করছে। বহু উন্নত এবং উদীয়মান অর্থনীতির দেশেই আগামী কয়েক বছরে এ বিষয়টি অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব ফেলবে। ব্যবসায় প্রবৃদ্ধি কম হলে পণ্য ও সেবা বিক্রির সুযোগ কমবে। ফলে কমবে বিনিয়োগে আগ্রহ।
ইউরোজোনের অর্তনীতি বছরজুড়ে সচল থাকলেও তা খুব বেশি গতিশীল থাকবে না বলেই জানিয়েছে আইএমএফ। হিসাব অনুযায়ী, এ বছর ইউরোজোনে প্রবৃদ্ধি হবে ১ দশমিক ২ শতাংশ এবং ২০১৬ সালে প্রবৃদ্ধি হবে ১ দশমিক ৪ শতাংশ।
চীনে অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যাওয়াটাও এবছর এবং আগামী বছরে বিশ্বের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার কম হওয়ার আরেকটি কারণ। মঙ্গলবার চীনের সরকারি এক পরিসংখ্যানে দেখা গেছে, দেশটির প্রবৃদ্ধির হার গত বছর কমে দাঁড়িয়েছে ৭ দশমিক ৪ শতাংশে। ২০১৩ সালে যা ছিল ৭ দশমিক ৭ শতাংশ।
প্রবৃদ্ধির হার বাড়াতে বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও কেন্দ্রীয় ব্যাংকগুলোকে অনূকুল মুদ্রা নীতি ও মুদ্রা কাঠামো গঠনের আহ্বান জানিয়েছে আইএমএফ।
তবে বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধির হার নিম্মমুখী হলেও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার বৃদ্ধি পাবে বলে জানিয়েছে আইএমএফ। ২০১৪ সালে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ছিল ৩ দশমিক ১ শতাংশ। ২০১৫ সালে তা বেড়ে ৩ দশমিক ৬ শতাংশে দাঁড়াবে বলে ধারণা করা হচ্ছে।
ওদিকে, একমাত্র স্পেন ছাড়া ইউরোজোনের অন্যান্য দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার থাকবে নিম্নমুখী। তাছাড়া, উঠতি অর্থনীতির বিভিন্ন দেশের জন্যও কোন সুখবর নেই আইএমএফ এর কাছে। বিশেষ করে তেল রপ্তানীকারক দেশ রাশিয়া, নাইজেরিয়া ও সৌদি আরবকে ভুগতে হবে সবচেয়ে বেশি ।
