২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালাবিতে আকস্মিক বন্যায় ১৭০ জনের মৃত্যু

দক্ষিণপূর্ব আফ্রিকার দেশ মালাবিতে আকস্মিক বন্যায় অন্ততপক্ষে ১৭০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্তৃপক্ষ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2015, 11:56 AM

Updated : 12 Oct 2022, 03:11 PM

পূর্বঘোষিত মৃতের সংখ্যা থেকে এই সংখ্যা অনেক বেশি বলে শুক্রবার জানিয়েছে বিবিসি।

মাসব্যাপী ব্যাপক বৃষ্টিপাতে সৃষ্ট ঢলে অনেক ঘরবাড়ি ভেসে গিয়ে বাসিন্দাদের উঁচু অঞ্চলে চলে যেতে বাধ্য করে, অনেকে সীমান্ত পাড়ি দিয়ে পার্শ্ববর্তী দেশ মোজাম্বিকেও আশ্রয় নিয়েছেন।

দেশটির ভাইস প্রেসিডেন্ট সাউলোস চিলিমা জানিয়েছেন, বন্যায় এক লাখের বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে আসতে বাধ্য হয়েছেন। এদের অধিকাংশই দেশের দক্ষিণাঞ্চলের বাসিন্দা বলে জানিয়েছেন তিনি।

গত সপ্তাহের প্রথমদিকে সরকার দেশটির এক-তৃতীয়াংশ অংশকে দুর্যোগকবলিত এলাকা বলে ঘোষণা করে আন্তর্জাতিক সহায়তার জন্য আবেদন জানায়।

বন্যাকবলিত এলাকায় বিচ্ছিন্ন হয়ে পড়া জনগোষ্ঠীর কাছে পৌঁছানোর জন্য মালাবি কর্তৃপক্ষ সামরিক হেলিকপ্টার ও নৌকা ব্যবহার করছে।

কিন্তু বিরূপ আবহাওয়ার কারণে কয়েকদিন ধরে উদ্ধার কাজে বিঘ্ন ঘটছে এবং হেলিকপ্টার অবতরণ করার মতো জায়গা খুঁজে পাওয়া কঠিন হয়ে গেছে বলে জানিয়েছেন চিলিমা।

বন্যায় দক্ষিণ মালাবির বিশাল এলাকা পানির নিচে তলিয়ে গেছে। বৃষ্টি অব্যাহত থাকায় ও বন্যায় প্রধান প্রধান সড়ক ও সেতুর মতো আবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে উদ্ধার অভিযানে নানা ধরনের জটিলতার সৃষ্টি হয়েছে।

শিরে নদীতে ডুবে অনেকে মারা গেছেন, এমন ধারণা থেকে উদ্ধারকারীরা তাদের মৃতদেহ খুঁজে পাওয়ার চেষ্টা করছেন। কেউ কেউ নিজেদের কৃষি খামার ছেড়ে না গিয়ে সেখানেই অবস্থান করার সিদ্ধান্ত নিয়েছেন। চিলোবি টাউনশিপে বন্যার তোড়ে পাহাড় থেকে গড়িয়ে আসা বড় বড় বোল্ডারের নিচে চাপা পড়ে পাকা ঘরবাড়ি মাটিতে মিশে গেছে। এখানে-সেখানে ধ্বংসস্তুপের সাক্ষ্য ছড়িয়ে আছে। চারদিক বন্যায় তলিয়ে থাকায় শহরের বাসিন্দারা আশ্রয়ের জন্য কোথাও যেতেও পারছেন না। পরিস্থিতি মোকাবিলায় জরুরি ভিত্তিতে আরো হেলিকপ্টার, নৌকা, তাঁবু ও খাবার দরকার বলে জানিয়েছেন ভাইস প্রেসিডেন্ট চিলিমা। বন্যায় প্রতিবেশী দেশ মোজাম্বিকে অন্ততপক্ষে ২৫ জনের মৃত্যু হয়েছে এবং একটি প্রধান মহাসড়ক ধ্বংস হয়ে গেছে। দেশটিতে উদ্ধার ও ত্রাণ কাজের জন্য দক্ষিণ আফ্রিকার সেনা মোতায়েন করা হয়েছে।