আইএস নির্মূল করতে হবে: ফ্রান্স
ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের নির্মূল করতেই হবে, বলেছেন ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী জ্যঁ-ইভ ল্য দুহিয়্যঁ।
এর মধ্য দিয়ে প্যারিসে গত সপ্তাহের সন্ত্রাসী হামলার ১৭ জনের মৃত্যুর পর আইএস এর বিরুদ্ধে অভিযান থেকে কোনভাবেই সরে না আসার ইঙ্গিত দিল ফ্রান্স।
প্রতিরক্ষামন্ত্রী বলেন, “ফ্রান্সের ভেতর এবং বাইরে থেকে এর জবাব দেয়া হবে। ইসলামিক স্টেট একটি জঙ্গি বাহিনী। এর যোদ্ধারা বিশ্বের বিভিন্ন স্থান থেকে এসেছে…… এটি আসলে একটি আন্তর্জাতিক জঙ্গি বাহিনী যাদেরকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দিতে হবে এবং এ কারণেই আমরা জোট বাহিনীতে যোগ দিয়েছি।”
সিরিয়া ও ইরাকে আইএস জঙ্গিদের বিরুদ্ধে গত বছর থেকে শুরু হওয়া যৌথ অভিযানে যুক্তরাষ্ট্রের পর ফ্রান্সের সবচেয়ে বেশি সেনা ও সামরিক বিমান অংশ নিচ্ছে।
প্যারিসে হামলাকারী জঙ্গিরা আইএস এর বিরুদ্ধে ফ্রান্সের এ পদক্ষেপের সমালোচনা করে বলেছিল, শার্লি এবদু কার্যালয়ে হামলা চালানোর একটি বড় কারণ এটি।
চারমাস আগে শুরু হওয়া এই অভিযানের মেয়াদ আরও বাড়ানো হবে কিনা সে সিদ্ধান্ত নিতে ফ্রান্সের সংসদে মঙ্গলবার ভোট হওয়ার কথা রয়েছে।
যৌথবাহিনীতে ফ্রান্সের ৮শ’ সেনা, নয়টি জঙ্গি বিমান, একটি টহল বিমান এবং একটি জ্বালানি সরবরাহকারী বিমান রয়েছে।
এছাড়া, উপসাগরীয় এলাকায় ফ্রান্সের একটি বিমান বিধ্বংসী যুদ্ধ জাহাজ আছে। ওই যুদ্ধজাহাজ থেকে ছয়টি মিগ জঙ্গি বিমান পরিচালনা করা হচ্ছে। ওই বিমানগুলো জর্ডানে রয়েছে।
প্রতিরক্ষামন্ত্রী জানান, বুধবার ভারত মহাসাগরে এয়ারক্র্যাফ্ট ক্যারিয়ার পাঠাবে ফ্রান্স। আর ডিসেম্বরে ইরানি ও কুর্দি বাহিনীকে প্রশিক্ষণ দেয়ার জন্য ১২০ জন সেনা উপদেষ্টাকে ইরাকে পাঠাবে প্যারিস।
আইএস এর বিরুদ্ধে যৌথ অভিযানে অংশ নেয়া ছাড়াও সাহেল-শাহারা অঞ্চলে আল কায়দা সংশ্লিষ্ট জঙ্গিদের খুঁজে বের করতে ফ্রান্সের প্রায় সাড়ে তিন হাজার সেনা ও বিশেষ বাহিনী কাজ করছে।
মালির ইসলামপন্থি জঙ্গিদের নির্মূল করতেও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ফ্রান্স। সাবেক এই উপনিবেশে ২০১৩ সালের জানুয়ারি থেকে জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করছে ফ্রান্সের সেনাবাহিনী।
দুই বছর পর দেশের ভেতর একই ধরণের হুমকির সঙ্গে ফ্রান্সের সেনাবাহিনী যুদ্ধ করছে, বলেন প্রতিরক্ষামন্ত্রী।
“একই শত্রু। আমাদের বাহিনী এখন দেশেও লড়াই করছে। কারণ তাদের জন্য এটা একই রকম যুদ্ধ।”
ওদিকে, গত সপ্তাহে প্যারিসে বিদ্রুপ ম্যাগাজিন শার্লি এবদুর কার্যালয়ে জঙ্গি হামলার পর দেশের নিরাপত্তা ব্যবস্থা সুরক্ষিত করতে ফ্রান্স জুড়ে অতিরিক্ত ১০ হাজার সেনা মোতায়েন করা হচ্ছে।
ফ্রান্সের ১১২০ জনের বেশি নাগরিক কোন না কোন ভাবে ইরাক ও সিরিয়ার বিভিন্ন জঙ্গি দলের সঙ্গে যুক্ত। তাদের মধ্যে প্রায় ৪০০ জন বর্তমানে ওই অঞ্চলে অবস্থান করছে।
তুরস্কের এক কর্মকর্তা জানান, প্যারিসে একজন নারী পুলিশকে গুলি করে হত্যা করার সময় নিহত জঙ্গি আমেদি কুলিবালির সঙ্গী সন্দেহভাজন একজন নারী যিনি খুব সম্ভবত ওই ঘটনার পর সিরিয়ায় পালিয়ে গেছেন।
