২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্সে আরও হামলার হুমকি আল কায়দার

প্যারিসে হামলাকারীদের প্রশংসা করার পাশাপাশি ফ্রান্সে আরও হামলা চালানোর হুমকি দিয়েছে ইয়েমেনের আল-কায়দা।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2015, 10:04 PM

Updated : 25 Apr 2022, 12:52 PM

শনিবার ইন্টারনেটে পোস্ট করা একটি ভিডিও বার্তায় ইয়েমেন ভিত্তিক আল কায়দা ইন অ্যারাবিয়ান পেনিনসুলা (একিউএপি) এ হুমকি দেয়।

যদিও ওই ভিডিও বার্তায় প্যারিসে হামলার দায় সরাসরি স্বীকার করেনি এই জঙ্গি সংগঠনটি।

শার্লি এবদুতে হামলাকারী দুই ভাইয়ের একজন শেরিফ কোয়াশি পুলিশের হাতে নিহত হওয়ার আগে টেলিফোনে বিএফএম টিভিকে বলেছিলেন, তিনি ইয়েমেনের আল-কায়দা নেতা আনওয়ার আল আওলাকির কাছ থেকে এই হামলার জন্য অর্থ পেয়েছেন।

প্রায় পাঁচ মিনিটের ওই ভিডিও বার্তায় একিউএপি’র শরিয়া কর্মকর্তা হারিথ আল-নাধারি ফ্রান্সের জনগণকে হুমকি দিয়ে বলেন, “মুসলিমদের ওপর আগ্রাসন বন্ধ করুন নতুবা শাস্তি হিসেবে আরও হামলার মুখোমুখি হতে হবে।”

প্যারিসে গত তিন দিনের সন্ত্রাসী হামলায় ১৭ জন নিহত হয়েছে। যা গত কয়েক দশকের মধ্যে ফ্রান্সে সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা।

বুধবার বিদ্রুপ ম্যাগাজিন শার্লি এবদুর কার্যালয়ে বন্দুকধারী দুই ভাই সাঈদ কোয়াশি (৩৪) ও শেরিফ কোয়াশি (৩২) হামলা চালিয়ে ১২ জনকে হত্যা করে। বৃহস্পতিবার একজন নারী পুলিশকে হত্যা করা হয়। শুক্রবার হাইপারক্যাশার নামে ইহুদি মালিকানাধীন একটি সুপারশপে আমেদি কুলিবালি (৩২) কয়েকজনকে জিম্মি করে। পরে সেখান থেকে চার জিম্মির মৃতদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনার পর ফ্রান্সে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।