২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হামলাকারীদের নারী সহযোগীকে খুঁজছে ফ্রান্স পুলিশ

প্যারিসের একটি পত্রিকা অফিসে এবং একটি সুপারশপে সন্ত্রাসী হামলা চালানো জঙ্গিদের সন্দেহভাজন একজন নারী সহযোগীকে খুঁজছে ফ্রান্স পুলিশ।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 10 Jan 2015, 09:26 PM

Updated : 12 Oct 2022, 03:09 PM

হায়াত বোউমেদ্দিন নামের ওই নারী সুপারমার্কেটে হামলাকারী আমেদি কুলিবালির সঙ্গী বলে সন্দেহ করা হচ্ছে।

ফ্রান্সের প্রধান কৌঁসুলি ফ্রাঁসয়া মলিস বিবিসিকে বলেন, তিন জঙ্গিকে হত্যা করার পর কর্তৃপক্ষ এখন বোউমেদ্দিনকে খোঁজ করছে। সন্দেহ করা হচ্ছে, বৃহস্পতিবার প্যারিসে নারী পুলিশকে হত্যা করার সময় সে কুলিবালির সঙ্গে ছিল।

নারী পুলিশকে গুলি করেই অদৃশ্য হয়ে যান ওই দুজন। পরে শুক্রবার সুপারমার্কেটে জিম্মি কাণ্ড ঘটান কুলিবালি।

প্যারিসে গত তিন দিনের সন্ত্রাসী হামলায় ১৭ জন নিহত হয়েছে। যা গত কয়েক দশকের মধ্যে ফ্রান্সের সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা।

বুধবার বিদ্রুপ ম্যাগাজিন শার্লি এবদুর কার্যালয়ে বন্দুকধারী দুই ভাই সাঈদ কোয়াশি (৩৪) ও শেরিফ কোয়াশি (৩২) হামলা চালিয়ে ১২ জনকে হত্যা করে। বৃহস্পতিবার একজন নারী পুলিশকে হত্যা করা হয়। শুক্রবার হাইপারক্যাশার নামে ইহুদি মালিকানাধীন একটি সুপারশপে কুলিবালি কয়েকজনকে জিম্মি করে। পরে সেখান থেকে চার জিম্মির মৃতদেহ উদ্ধার করা হয়।

শনিবার সকালেও প্যারিসে পুলিশকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে দেখা গেছে। রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতেও কড়া প্রহরায় রয়েছে পুলিশ।

প্যারিসের মধ্যাঞ্চলের একজন পথচারী মারিয়া পিন্টো রয়টার্সকে বলেন, “পরিস্থিতি এখন আর আগের মতো নেই। এই বিকারগ্রস্ত ব্যক্তিদের কারণে এখন সারা জীবন আপনাকে এই দুঃশ্চিন্তার থাকতে হবে যে, আপনি বাজার করতে বা কাজের জন্য বাড়ি থেকে বের হওয়ার পর নিরাপদে বাড়ি ফিরতে পারবেন কিনা।”

এ ঘটনার পর মত প্রকাশের স্বাধীনতা, ধর্ম এবং ফ্রান্সের অন্যান্য অধিবাসীদের সঙ্গে দেশটির ৫০ লাখ মুসলিমদের সহাবস্থান হুমকির মুখে পড়ে গেছে।

এদিকে রোববার জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, ইতালির মাত্তেও রেনজিসহ ইউরোপের বেশ কয়েকটি দেশের সর্বোচ্চ পর্যায়ের নেতাদের প্যারিসে যাওয়ার কথা রয়েছে।

এ জন্য দেশটিতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। প্যারিসে হামলার ঘটনায় নিহতদের স্মরণে তারা মৌন মিছিলে অংশ নেবেন।

তুরস্কের প্রধানমন্ত্রী আহমেত দাভুতোগলুসহ আরব লীগের বিভিন্ন দেশ ও আফ্রিকার বিভিন্ন মুসলিম দেশগুলোর নেতাদের ওই মিছিলে অংশ নেয়ার কথা রয়েছে।

মন্ত্রীসভার জরুরী বৈঠক শেষে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী বার্নাড ক্যাজনভ বলেন, “নিহতদের প্রতি সমবেদনা ও সম্মান জানাতে এবং ফ্রান্সের জনগণ পূর্ণ নিরাপত্তার মধ্যে রয়েছেন এটা বোঝাতেই এ সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

“যদিও এটা ঠিক যে, আমরা এখনো হুমকির মধ্যে রয়েছি এবং আগামী কয়েক সপ্তাহে দেশজুড়ে সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা সতর্কতা জারি রাখা হবে।”