২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্যারিসে জিম্মি সঙ্কটের রক্তাক্ত অবসান

প্যারিসে শার্লি এবদুতে হামলাকারী ও পুলিশ হত্যাকারীদের ধরতে গিয়ে একই দিনে সৃষ্ট দুই জিম্মি সঙ্কটের অবসান ঘটেছে রক্তাক্ত পুলিশি অভিযানের মধ্য দিয়ে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 09 Jan 2015, 11:18 PM

Updated : 12 Oct 2022, 03:08 PM

ফ্রান্সের রাজধানীর দক্ষিণ অংশে একটি ওয়্যারহাউসে পুলিশের অভিযানে নিহত হয়েছেন দুই ভাই, যারা দুই দিন আগে বিদ্রুপ ম্যাগাজিন শার্লি এবদুতে হামলা চালিয়ে ১২ জনকে হত্যা করে বলে পুলিশের ধারণা।

সাঈদ কোয়াশি (৩৪) ও শেরিফ কোয়াশি (৩২) নামের এই দুই ভাই দামার্তাঁ-অঁ-গুলুর ওই প্রিন্টিং ওয়্যারহাউসে একজনকে জিম্মি করেছিল, যাকে পুলিশ জীবিত উদ্ধার করেছে।

এ ঘটনায় এক পুলিশ সদস্যও আহত হয়েছেন বলে বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে।

অন্য ঘটনাটি ঘটে প্যারিসের পূর্ব অংশে হাইপারক্যাশার নামের একটি ইহুদি সুপারশপে।সেখানে পুলিশের গুলিতে নিহত হয় আমেদি কুলিবালি (৩২) নামের এক বন্দুকধারী, লাশ পাওয়া যায় চার জিম্মির।

এই চারজন পুলিশের গুলি শুরুর আগেই নিহত হন, না পরে- তা স্পষ্ট নয়। তবে সেখান থেকে আরও চার জিম্মিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে; অক্ষত অবস্থায় মুক্তি পেয়েছেন ১৫ জন। 

 

পুলিশের ধারণা, বৃহস্পতিবার মঁরুজ এলাকায় আমেদির গুলিতেই এক নারী পুলিশের মৃত্যু হয়, গুরুতর আহত হন আরেকজন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, শার্লি এবদুর ঘটনায় সন্দেহভাজন দুই ভাইকে ধরার চেষ্টা বাদ না দিলে সুপারশপের জিম্মিদের হত্যার হুমকি দিয়েছিলেন আমেদি। শার্লি এবদুর হামলাকারীদের মধ্যে অন্তত একজনের সঙ্গে আমেদির পরিচয় ছিল বলে ফরাসি পুলিশ তথ্য পেয়েছে। 

ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ এ ঘটনাকে উল্লেখ করেছেন ফরাসি জাতির জন্য ‘ট্র্যাজেডি’ হিসাবে।

জাতির উদ্দেশে এক ভাষণে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সতর্ক করার পাশাপাশি তিনি দেশের জনগণকে বলেন,“আমাদের আরও সতর্ক হতে হবে, থাকতে হবে ঐক্যবদ্ধ- এটাই আমাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র।”  

ইহুদি সুপারশপের ঘটনাটি উল্লেখ করে ওলাঁদ বলেন, জাতিবিদ্বেষের ঘটনায় ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই।

“যে ধর্মোন্মাদরা এ ঘটনা ঘটিয়েছে, তাদের সঙ্গে ইসলাম বিশ্বাসের কোনো সম্পর্ক নেই।”

গত বুধবার শার্লি এবদু কার্যালয়ে কালাশনিকভ রাইফেলধারী দুই হামলাকারীর গুলিতে ১২ জন নিহতের পর পুলিশের এই অভিযান শুরু হয়। এরই মধ্যে বৃহস্পতিবার এক বন্দুকধারীর গুলিতে নিহত হন এক নারী পুলিশ সদস্য।  

 

হত্যাকারীদের ধরতে পুলিশ জাল গুটিয়ে আনা শুরু করলে শুক্রবার সকালে উত্তর প্যারিসের মোন্তাগনি-শান্তো-ফেলিসিত এলাকা থেকে একটি গাড়ি ছিনতাই করে সাঈদ ও শেরিফ কোয়াশি। এ সময় তাদের হাতে রকেট লঞ্চার দেখা যায় বলেও খবর আসে।

পুলিশের তাড়া খেয়ে দুই ভাই দামার্তাঁ-অঁ-গুলু এলাকায় ওই প্রিন্টিং ওয়্যারহাউসে ঢুকে পড়ে। পুলিশ পুরো এলাকা ঘিরে ফেললে একজনকে জিম্মি করে তারা।

এই জিম্মি সঙ্কট নিয়ে টান টান উত্তেজনার মধ্যেই স্থানীয় সময় দুপুরের দিকে পোর্তু ভাঁসেন মেট্রো স্টেশনের কাছে ইহুদি সুপারশপে আমেদির হাতে লোকজন জিম্মি হওয়ার খবর আসে। 

বিকালের দিকে পুলিশ দামার্তাঁ-অঁ-গুলুতে ওই ওয়্যারহাউসে ঢুকে পড়ে এবং গুলিতে নিহত হন দুই ভাই।

এর ১৫ মিনিটের মাথায় একইভাবে হাইপারক্যাশারে অভিযানে যায় পুলিশ, নিহত হন আমেদি।

ফরাসি পুলিশ বলছে, আলজেরীয় বংশোদ্ভূত কোয়াশি ভাইয়েরা বেশ কিছুদিন ধরেই পুলিশের সন্দেহের তালিকায় ছিলেন। ইউরোপ ও যুক্তরাষ্ট্রের ‘নো-ফ্লাই’ লিস্টেও তাদের নাম ছিল।