সৌদি আরবে মুক্তমনা এক ব্লগারকে দোররা
সৌদি আরবের একজন ব্লগারকে ইসলাম নিয়ে কটূক্তি করার অভিযোগে প্রকাশ্যে দোররা মারা হয়েছে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানায়, রাইফ বাদাউই নামের ওই ব্যক্তিকে ১০ বছরের কারাদণ্ড ও ১০০০ বার দোররা মারার শাস্তি দেয়া হয়। তাকে ১০ লাখ রিয়াল জরিমানাও করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জেদ্দা শহরের একটি মসজিদে শুক্রবার জুমার নামাজে পর বাদাউইকে প্রথম দফায় ৫০ বার দোররা মারা হয়। এভাবে কয়েক সপ্তাহ ধরে তাকে চাবুকপেটা করা হবে।
বাদাউইকে পুলিশের গাড়িতে করে মসজিদ প্রাঙ্গনে আনা হয়। এরপর উচ্চস্বরে তার বিরুদ্ধে আনিত অভিযোগ জনতাকে পড়ে শোনান হয়।
বর্তমানে নিষিদ্ধ ঘোষিত ‘লিবারাল সৌদি নেটওয়ার্ক’র সহপ্রতিষ্ঠাতা বাদাউইকে ২০১২ সালে গ্রেপ্তার করা হয়।
বাদাউইয়ের বিরুদ্ধে ধর্মত্যাগের অভিযোগও আনা হয়েছিল। ২০১৩ সালে এ অভিযোগ থেকে তিনি খালাস পান। ধর্মত্যাগের অভিযোগ প্রমাণিত হলে তার মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারত।
মানবাধিকার সংগঠনগুলো বাদাউইকে শাস্তি দেয়ায় সৌদি আরব সরকারের নিন্দা করেছে। আর যুক্তরাষ্ট্র সরকার এই ব্লগারকে ক্ষমা করে দেয়ার আবেদন জানিয়েছে।
