২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্সে জোড়া জিম্মি সঙ্কট

বিদ্রুপ ম্যাগাজিন শার্লি এবদুতে হামলাকারী দুই বন্দুকধারীকে ধরার অভিযানের মধ্যে ফ্রান্সে দুটি স্থানে জিম্মি সঙ্কট সৃষ্টি হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2015, 09:00 PM

Updated : 12 Oct 2022, 03:08 PM

পুরনো খবর:

প্যারিস হামলাকারীদের ঘিরে ফেলেছে পুলিশ

উত্তর-পূর্বাঞ্চলে বন্দুকধারীদেরকে ধরার অভিযানে পুলিশ যে ভবনটি ঘিরে রেখেছে সেখানে জিম্মি হয়ে আছে একজন। এরই মধ্যে প্যারিসের একটি সুপারমার্কেটে আরেক বন্দুকধারী ৫ জনকে জিম্মি করেছে বলে খবর পাওয়া গেছে।

এক পুলিশ কর্মকর্তা বিবিসি’কে বলেছেন, সুপারমার্কেটে হানা দেয়া এ বন্দুকধারীই নোগুজেতে বৃহস্পতিারের হামলায় নারী পুলিশ হত্যার ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। ওই ব্যক্তি সুপারমার্কেটে প্রবেশের পর দুজন নিহত হওয়ার খবরও নিশ্চিত হওয়া গেছে।

এই বন্দুকধারীর সঙ্গে শার্লি এবদুতে হামলাকারীদের যোগসাজস আছে বলে জানানো হয়েছে কয়েকটি প্রতিবেদনে। সুপারমার্কেট এলাকা ঘিরে রেখেছে সশস্ত্র পুলিশ। শার্লি এবদুতে হামলাকারী দুই ভাইকে ধরা হলে জিম্মিদেরকে মেরে ফেলা হবে বলে হুমকি দিয়েছে বন্দুকধারী ওই ব্যক্তি।

ওদিকে, প্যারিসের উত্তরপূর্বে প্রকাশনা ভবনে ঢুকে একজনকে জিম্মি করে রাখা শার্লি এবদুর দুই হামলাকারী জানিয়েছে, তারা মরতেও প্রস্তুত। পুলিশ শহরটি সিল করে দিয়ে ভবনটি ঘিরে রেখেছে।

এর আগে পুলিশ শুক্রবার প্যারিসমুখী দ্রুতগতির একটি গাড়িকে ধাওয়া করে। এ সময় গুলিও চলে এবং কয়েকজন আহতও হয়। পুলিশ এবং সন্ত্রাস বিরোধী বাহিনী প্যারিসে ঢোকার সব পথই বন্ধ করে দিয়েছে।

শার্লি এবদুর অফিসে হামলায় ১২ জন নিহতের ঘটনার প্রায় ২৪ ঘন্টা পর বন্দুকধারীদের ঘেরাও করেছে পুলিশ। তাদেরকে ধরার অভিযানে এরই মধ্যে পুলিশের হেলিকপ্টার এবং সশস্ত্র কর্মকর্তাদের গাড়িবহর ঘটনাস্থলে পৌঁছেছে বলে জানিয়েছে এলাকার অধিবাসীরা।

ইসলামি স্লোগান দেয়া বন্দুকধারীরা শার্লি এবদুর মুসলিম নেতাদের ব্যঙ্গাত্মক উপস্থাপনার জন্য পত্রিকাটির ওপর ক্ষেপে ছিল বলে মনে করা হচ্ছে। তারা ‘আমরা ইয়েমেনের আল কায়েদা’ স্লোগানও দিয়েছে বলে শোনা গেছে।

যুক্তরাষ্ট্রে এক ঊর্ধ্বতন কর্মকর্তা সংবাদিকদের বলেছেন, পত্রিকা অফিসে হামলা চালানো দুই ভাইয়ের একজন সাইদ কৌয়াচি ইয়েমেনে আল কায়দার হয়ে কয়েকমাস প্রশিক্ষণও নিয়েছে বলে অভিযোগ আছে।