মিশরে পার্লামেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা
মিশরে চলতি বছরের ২১ মার্চ থেকে ৭ মে পর্যন্ত পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে বলে দেশটির সর্বোচ্চ নির্বাচন কমিটি জানিয়েছে।
সেনা নিয়ন্ত্রিত সরকার যে রাজনৈতিক রোডম্যাপ ঘোষণা করেছিল, পার্লামেন্ট নির্বাচন তার চূড়ান্ত পদক্ষেপ।
দেশটিতে প্রথম অবাধ গণতান্ত্রিকভাবে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া মোহামেদ মুরসিকে ২০১৩ সালের জুলাইয়ে ক্ষমতা থেকে সরিয়ে দেয় সেনাবাহিনী। এরপর তারা একটি রাজনৈতিক সংস্কারের রোডম্যাপ ঘোষণা করেছিল।
বর্তমান প্রেসিডেন্ট আবদেল ফাত্তা আল-সিসি ডিসেম্বরে আইন সংশোধন করেন।
নতুন আইন অনুযায়ী দেশটির পার্লামেন্টের ৫৬৭টি আসনের মধ্যে ৪২০ আসনে স্বাধীন প্রার্থীরা লড়াই করবেন। ১২০ আসন দলভিত্তিক একক প্রার্থীরা লড়বেন আর ২৭টি আসন প্রেসিডেন্টের মনোনয়ন অনুযায়ী পূরণ হবে।
ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহামেদ মুরসির সরকারে সিসি প্রতিরক্ষামন্ত্রী ও সেনা প্রধান ছিলেন।তার নেতৃত্বে ঘটা অভ্যুত্থানেই মসনদ হারান ইসলামপন্থি প্রেসিডেন্ট মুরসি।
ক্ষমতা কুক্ষিগত করার পর সিসি তিনধাপের রাজনৈতিক সংস্কারের রোডম্যাপ ঘোষণা করেছিলেন।
সেই ধাপগুলোর মধ্যে দুটি ধাপ নতুন সংবিধান প্রণয়ন ও প্রেসিডেন্ট নির্বাচন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
