প্যারিসে আবার গুলি, নারী পুলিশ নিহত
ফ্রান্সের রাজধানী প্যারিসে বিদ্রুপ ম্যাগাজিন শার্লি এবদুর অফিসে হামলার একদিন পরই ফের গুলির ঘটনায় এক নারী পুলিশ নিহত এবং আরো একজন গুরুতর আহত হয়েছে।
তবে এ হামলা ও গোলাগুলির সঙ্গে শার্লি এবদু পত্রিকার হামলাকারীদের যোগসাজশ আছে কি না তা এখনো নিশ্চিত নন কর্মকর্তারা।
খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার প্যারিসের দক্ষিণে অবস্থিত নোগুজে শহরতলীতে অস্ত্রধারী এক ব্যক্তি গুলি চালালে হতাহতের ওই ঘটনা ঘটে।
নোগুজের মেয়র পিয়্যা বোসোলেত্ত বলেছেন, ওই নারী পুলিশ তার এক সহকর্মীকে নিয়ে ট্রাফিক দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন। সে সময়ই একটি গাড়ি এসে থামে এবং এক ব্যক্তি গাড়ি থেকে বের হয়ে তাদের ওপর গুলি চালিয়ে পালিয়ে যায়।
ওই ব্যক্তির হাতে মেশিনগানসহ একটি পিস্তল ছিল এবং সে বুলেট প্রুফ জ্যাকেট পরা ছিল বলে জানিয়েছে পুলিশ। ফরাসি টিভিতে ঘটনাস্থলে একটি ভবনের বাইরে বেশ কয়েকজন পুলিশকে দেখা গেছে।
শার্লি এবদুতে গুলির ঘটনায় নিহত ১২ জনের জন্য ফ্রান্সে জাতীয় শোক চলার মধ্যেই নতুন এ গুলির ঘটনা ঘটল। এতে করে উত্তেজনা আরো বাড়ল।
বুধবার শার্লি এবদু ম্যাগাজিনের কার্যালয়ে ঢুকে ওই হত্যাকাণ্ড ঘটায় বন্দুকধারীরা। এরপরই বৃহস্পতিবার জাতীয় শোক ঘোষণা করেন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ।
ঘটনায় জড়িত সন্দেহে দুই ভাইকে খোঁজার অভিযানে পুলিশ এ পর্যন্ত ৭ জনকে গ্রেফতার করেছে। তৃতীয় আরেক হামলাকারী এরই মধ্যে আত্মসমর্পণ করেছে।
মুসলিম ধর্মীয় নেতাদের নিয়ে বিতর্কিত ব্যঙ্গচিত্র প্রকাশ করায় দীর্ঘদিন ধরেই চরমপন্থিদের নিশানায় ছিল শার্লি এবদু। বুধবারের হামলায় নিহতদের মধ্যে রয়েছেন পত্রিকাটির সম্পাদক সহ নামকরা চার কার্টুনিস্ট। এছাড়া, নিহত হন দুই পুলিশও।
পত্রিকা অফিসে হামলা চালানো প্রধান দুই সন্দেহভাজন ফ্রান্সের উত্তরে একটি পেট্রোল স্টেশনে ডাকাতিও করেছে বলে খবর জানিয়েছে বিবিসি। ফ্রান্সের গণমাধ্যমে বলা হয়েছে, তারা খাবার এবং পেট্রোল লুট করে এবং গুলিও ছোড়ে।
পেট্রোল স্টেশনের ম্যানেজার দুই হামলাকারীর যে বর্ণনা দিয়েছেন তা ওই দুজনের সঙ্গে মিলে গেছে। তাদের কাছে কালাশনিকভ রাইফেল এবং রকেট চালিত গ্রেনেড ছিল বলে জানান ম্যানেজার।
ওই দুই ব্যক্তি একটি রেনাল্ট ক্লিও গাড়িতে করে প্যারিসের দিকে গেছে বলে খবর পাওয়া গেছে। শার্লি এবদুতে হামলার পর এই গাড়িটিই ছিনতাই হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
পত্রিকা অফিসে ১২ জনকে হত্যাকারীদের পুলিশ হন্যে হয়ে খঁজতে থাকায় তারা আবারো এ ধরনের হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী।
পুলিশ প্রধান সন্দেহভাজন দুই ভাইয়ের ছবি প্রকাশ করেছে। এদের একজনের নাম চেরিফ কোয়াশি (৩২) এবং অপরজনের নাম সাইদ কোয়াশি (৩৪)।নিরাপত্তা বাহিনীর নজরদারিতে রয়েছে তারা। এ দুজনের সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ গতরাতে ৭ জনকে গ্রেপ্তার করে।
