বিয়ারের ক্যানে গান্ধীর ছবি, ক্ষমা চাইল কোম্পানি
ভারতের অহিংস আন্দোলনের জনক মহাত্মা গান্ধীর ছবি বিয়ারের ক্যানে ব্যবহারের জন্য ক্ষমা চেয়েছে যুক্তরাষ্ট্রের একটি বিয়ার কোম্পানি।
বিয়ারের ক্যানে ছবি দিয়ে মহান এই নেতাকে ‘অপমান’ করা হয়েছে মর্মে ভারতের আদালতে এক আইনজীবীর আবেদনের পর ‘নিউ ইংল্যান্ড ব্রিউয়িং কোম্পানি’ ক্ষমা চায়।
গান্ধী ব্রিটিশ বিরোধী অহিংস আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। তার ছবি সম্বলিত বিয়ারের ক্যানটির নাম দেয়া হয়েছে ‘গান্ধী-বট’।
কোম্পানিটি তাদের ওয়েবসাইটে এ বিয়ারের বর্ণনায় লিখেছিল, ‘আত্মশুদ্ধিকরণ, সত্য আর ভালবাসার সন্ধানকারীদের জন্য আদর্শ’।
যুক্তরাষ্ট্রের কেনাটিকাট অঙ্গরাজ্যের এ বিয়ার কোম্পানিটি ভারতীয় বার্তাসংস্থা পিটিআই এর কাছে পাঠানো এক ইমেইল বার্তায় বলেছে, ‘গান্ধী-বট’ লেবেলের কারণে ভারতে কেউ আঘাত পেয়ে থাকলে আমরা দুঃখিত, কাউকে আঘাত দেয়া নয় বরং এই মহান মানুষটির প্রতি শ্রদ্ধাঞ্জলি দেয়াই ছিল আমাদের উদ্দেশ্য।
দক্ষিণ ভারতের হায়দরাবাদ শহরের আদালতে আবেদন করার পর ওই আইনজীবী সাংবাদিকদের বলেন, মহাত্মা গান্ধীর ছবি মদের পণ্যে ব্যবহার করা ‘নিন্দনীয়’ ও ভারতীয় আইনে শাস্তিযোগ্য অপরাধ।
ওদিকে, বিয়ার কোম্পানিটি ক্ষমা চাইলেও পণ্যটি বাজার থেকে সরিয়ে নেয়া হবে কিনা সে ব্যাপারে কোন ইঙ্গিত পাওয়া যায়নি।
ভারতে নিউ ইংল্যান্ড ব্রিউয়িং কোম্পানির প্রতিনিধি ম্যাট ওয়েস্টফলের দাবি, গান্ধীর নাতি-নাতনি তাদের ক্যানের লেবেলটি দেখেছে এবং পছন্দ করেছে। যদিও নাতি-নাতনি বলতে ঠিক কাদের বোঝাতে চেয়েছন তা স্পষ্ট করে বলেননি তিনি।
