২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্কে হেজ ফান্ডের প্রতিষ্ঠাতা গুলিতে নিহত

নিউইয়র্কের ম্যানহ্যাটনের নিজ ফ্লাটে গুলিতে নিহত হয়েছেন ২০ কোটি ডলার মূলধনের হেজ ফান্ডের প্রতিষ্ঠাতা থমাস গিলবার্ট সিনিয়র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2015, 03:39 PM

Updated : 22 Aug 2022, 11:24 AM

নিউইয়র্ক পুলিশের বরাত দিয়ে সোমবার এ খবর জানিয়েছে বিবিসি।

ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গিলবার্টের ৩০ বছর বয়সী ছেলে থমাস গিলবার্ট জুনিয়রকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনার সাত ঘন্টা পর নিউ ইয়র্কের একটি অ্যাপার্টমেন্টে আত্মগোপন করে থাকা গিলবার্ট জুনিয়রকে গ্রেপ্তার করে পুলিশ। সে তার বাবাকে গুলি করে হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।

যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলোর প্রতিবেদনে জানানো হয়েছে, গিলবার্ট পারিবারিক বিতর্কে জড়িত ছিলেন।

ওয়েইনস্কট ক্যাপিটাল পার্টনার্সের প্রেসিডেন্ট ও এর প্রতিষ্ঠাতা ৭০ বছর বয়সী গিলবার্ট ২০১১ সালে হেজ ফান্ড প্রতিষ্ঠা করেছিলেন।

রোববার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বিকলে সাড়ে তিনটার দিকে গিলবার্টের গুলিবিদ্ধ মৃতদেহ তার বেকম্যান প্যালেসের ফ্ল্যাটের বেডরুমে পাওয়া যায় বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো। একই ঘর থেকে একটি বন্দুকও পাওয়া যায়।

পুলিশের মুখপাত্র লে জন গ্রিম্পেল বলেছিলেন, “আমরা এখন তার ছেলের সঙ্গে কথা বলতে চাচ্ছি, গিলবার্টকে জীবিত অবস্থায় দেখা শেষ ব্যক্তি সে।”

হার্ভার্ড বিজনেস স্কুল ও প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট ছিলেন নিহত গিলবার্ট। বায়োটেকনোলজি ও সেবাখাতে হেজ ফান্ডের তহবিল ব্যবহার করা হতো।