২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি বাদশাহ আব্দুল্লাহ হাসপাতালে

ফুসফুসের সংক্রমণে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সৌদি আরবের বাদশাহ আব্দুল্লাহ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2015, 12:45 AM

Updated : 22 Aug 2022, 11:23 AM

সৌদি কর্মকর্তাদের উদ্ধৃত করে বিবিসির খবরে বলা হয়, ৯০ বছর বয়সী সৌদি অধিপতিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য বুধবার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তারা জানিয়েছেন, তীব্র শ্বাসকষ্টের জন্য পাইপের সাহায্যে তার শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক রাখা হয়েছে।

২০০৫ সালে সিংহাসনে আরোহণের পর সম্প্রতি বেশ কয়েকবার অসুস্থ হয়ে পড়েন আব্দুল্লাহ।

তার বয়স ও শারীরিক অবস্থার কারণে সৌদি রাজতন্ত্রের পরবর্তী উত্তরাধিকারী কে হবেন- তা নিয়ে বার বার আলোচনার জন্ম হয়েছে।

সিংহাসনের উত্তরাধিকারীদের সারিতে এর পরেই রয়েছেন ৭৯ বছর বয়সী যুবরাজ সালমান।

সালমান সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী ও প্রথম উপ-প্রধানমন্ত্রী। এছাড়াও গত পাঁচ দশক ধরে রাজধানী রিয়াদের গভর্নরের দায়িত্বও পালন করছেন তিনি।

সৌদি আরবের প্রতিষ্ঠাতা আব্দুল আজিজ ইবনে সাউদের একাধিক ছেলে এর মধ্যেই রাজমুকুটের অধিকারী হয়েছেন। তবে আরও কয়েকজন ছেলে এখনও জীবিত আছেন।

এর মধ্যে গত বছর অভূতপূর্ব এক পদক্ষেপে বাদশাহ আব্দুল্লাহ নিজের সৎ ভাই ও বাবা আব্দুল আজিজ ইবনে সৌদের কনিষ্ঠ ছেলে ষাটোর্ধ্ব প্রিন্স মুকরিনকে উপ-যুবরাজ হিসেবে নিয়োগ করেন। 

ধারণা করা হচ্ছে, এর মধ্য দিয়ে পরবর্তীতে প্রিন্স মুকরিনের বাদশাহি লাভের পথ প্রসস্ত করে দিলেন তিনি।

সৌদি আরবের প্রতিষ্ঠাতা ইবনে সাউদের ছেলেদের সঠিক সংখ্যা জানা না গেলেও তার ২২ স্ত্রীর গর্ভের ৩৭ জন ছেলের নাম পাওয়া যায়। বর্তমান বাদশা আব্দুল্লাহ সালমানের সৎ ভাই।

১৯৩২ সালে সৌদি আরব প্রতিষ্ঠার পর থেকে ১৯৫৩ সাল পর্যন্ত শাসন করেন প্রতিষ্ঠাতা ইবনে সউদ।

তার মৃত্যুর পর থেকে তার ছেলেরাই ক্রমানুযায়ী উত্তরাধিকারসূত্রে সৌদি আরবের ক্ষমতায় অধিষ্ঠিত হচ্ছেন।