২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মৃত্যুদণ্ডের ক্ষমা না দিতে রাষ্ট্রপতিকে নওয়াজের অনুরোধ

মৃত্যুদণ্ডাদেশ পাওয়া পাঁচ সন্ত্রাসীকে সাধারণ ক্ষমা না করতে পাকিস্তানের প্রেসিডেন্ট মামনুন হুসাইনের প্রতি অনুরোধ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2015, 10:12 PM

Updated : 26 Jul 2022, 11:53 AM

ফাঁসির আসামিরা রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করার পর প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ তা নাকচ করার অনুরোধ করে সম্প্রতি রাষ্ট্রপতিকে একটি চিঠি লিখেছেন বলে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়।

জিও নিউজ’র প্রতিবেদেনে বলা হয়, সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অপরাধে পাঁচজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তারা হলেন, মুহাম্মদ আকরামুল হক ওরফে লাহোরি, আহমেদ আলি ওরফে আসিফ, মুহাম্মদ তায়েব ওরফে সাজিদ, গুলাম শাবির ওরফে ডক্টোর ও জুলফিকার আলি।

মৃত্যুদণ্ড পাওয়া পাঁচজনই করাচির বাসিন্দা। বিভিন্ন হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠার পর তাদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হয়।

গেল বছরের শেষের দিকে ধর্মীয় চরমপন্থিরা পাকিস্তানের একটি স্কুলে হামলা চালিয়ে শতাধিক স্কুলশিক্ষার্থীকে হত্যা করার পর সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর হয় সরকার। এ ঘটনার পরই কয়েক বছর আগে মৃতুদণ্ড কার্যকর স্থগিত রাখার রাষ্ট্রীয় সিদ্ধান্তটিও বাতিল করেন প্রধানমন্ত্রী নওয়াজ।

২০০৮ সালে পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি মৃত্যুদণ্ড স্থগিত রাখার আইন প্রণয়ন করেছিলেন।

২০১৪ সালের ১৬ ডিসেম্বর পেশোয়ারে সেনাবাহিনী পরিচালিত একটি স্কুলে জঙ্গি হামলায় ১৪১ জন নিহত হয়, যাদের মধ্যে ১৩২ জনই স্কুল শিক্ষার্থী। পাকিস্তানের উত্তরাঞ্চলীয় পার্বত্য এলাকায় তালেবান জঙ্গিদের ওপর চালান সেনাবাহিনীর বিশেষ অভিযানের প্রতিশোধ নিতে এই হামলা হয়েছিল।

দেশটির ইতিহাসে ভয়াবহতম এই জঙ্গি হামলার পর সন্ত্রাসবিরোধী তৎপরতা আরো জোরদার করে নওয়াজ প্রশাসন।