দক্ষিণ আফ্রিকার রোলেন ‘সুন্দরীশ্রেষ্ঠা’
পূর্ব লন্ডনের এক্সেল এক্সিবিশন সেন্টারের আলো ঝলমলে মঞ্চ আরো উজ্জ্বল হলো রোলেন স্ট্রসের হাসিতে। সুন্দরীশ্রেষ্ঠার মুকুট মাথায় বিস্মিত, অভিভূত ২২ বছরের এই তরুণী বললেন- “দক্ষিণ আফ্রিকা এ সম্মান তোমারই জন্য”।
রোববার রাতে ১২০ দেশের সুন্দরীকে পেছনে ফেলে এবারের ‘মিস ওয়ার্ল্ড’ খেতাব জিতে নিয়েছেন মেডিকেল ছাত্রী স্ট্রস। গতবারের মিস ওয়ার্ল্ড ফিলিপিন্সের মেগান ইয়ং তার মাথায় পরিয়ে দেন সেরার মুকুট।
৬৪তম ‘মিস ওয়ার্ল্ড’ আসরে রানার আপ হয়েছেন মিস হাঙ্গেরি এডিনা কুলসার, তৃতীয় স্থান পেয়েছেন যুক্তরাষ্ট্রের এলিজাবেথ শাফরিত।
১০০ কোটি দর্শক টেলিভিশনের পর্দায় সরাসরি উপভোগ করেছেন এবারের প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব।
চূড়ান্ত পর্বের সেরা দশে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, গায়ানা, ব্রাজিল, হাঙ্গেরি, কেনিয়া, যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও অস্ট্রেলিয়ার সুন্দরীদের সঙ্গে ভারতীয় সুন্দরী কোয়েল রানাও ছিলেন। তবে শেষ পর্যন্ত তিনি সেরা পাঁচে আসতে পারেননি।
প্রথম বাছাইয়ে সেরা পাঁচে জায়গা করে নেন হাঙ্গেরি, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ডের প্রতিযোগীরা। মোবাইল অ্যাপে দর্শকদের ভোটে তাদের সঙ্গে যোগ দেন থাই সুন্দরীও।
শেষ পর্যন্ত সব জল্পনার অবসান ঘটিয়ে এ বছরের সেরা তিনজনকে বেছে নেন বিচারকরা।
বলিউড তারকা ঐশ্বরিয়া রাইয়ের মিস ওয়ার্ল্ড খেতাব জয়ের ২০ বছর পূর্তি উপলক্ষে এবার তাকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। স্বামী অভিষেক বচ্চন ও মেয়ে আরাধিয়াকে সঙ্গে নিয়েই পুরস্কার নেন ঐশ্বরিয়া।
তবে এবারের অন্যতম প্রতিযোগী মিস হন্ডুরাস মারিয়া হোসে আলভারাদোর আকস্মিক মৃত্যুতে আলোর এই আসরে খানিকটা বিষাদের ছায়াও ছিল।
গত মাসে ১৯ বছর বয়সী এই তরুণী ও তার বোনকে গুলি করে হত্যা করা হয়।
অনুষ্ঠানের শেষ ভাগে মারিয়া ও তার বোনের প্রতি শ্রদ্ধা জানিয়ে হন্ডুরাসে একটি স্কুল চালুর ঘোষণা দেন নতুন মিস ওয়ার্ল্ড রোলেন স্ট্রস ও সহপ্রতিযোগীরা।
দক্ষিণ আফ্রিকার তৃতীয় সুন্দরী হিসাবে মিস ওয়ার্ল্ড খেতাব জিতলেন স্ট্রস। এর আগে ১৯৫৮ ও ১৯৭৪ সালেও দক্ষিণ আফ্রিকা এ খেতাব জিতে নেয়।
১৯৫১ সালে এ প্রতিযোগিতা শুরুর পর সবচেয়ে বেশি ছয় বার সেরার মুকুট জিতেছেন ভেনেজুয়েলার সুন্দরীরা। পাঁচবারের খেতাব নিয়ে দ্বিতীয় স্থানে ভারত ও যুক্তরাজ্য।
