২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাগরিক অধিকারের দাবিতে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ

কৃষ্ণাঙ্গসহ যুক্তরাষ্ট্রের সংখ্যালঘু নাগরিকদের জন্যে ন্যায় বিচার এবং পুলিশের বর্ণবিরোধী আচরণের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবিতে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে বিরোট বিক্ষোভ-সমাবেশ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2014, 12:50 PM

Updated : 13 Oct 2022, 12:55 PM

এছাড়া নিউইয়র্ক এবং বোস্টনেও পুলিশের হাতে নিরস্ত্র কৃষ্ণাঙ্গদের হত্যার প্রতিবাদে হাজার হাজার মানুষ প্রতিবাদ বিক্ষোভ করেছে।

শনিবারের এসব বিক্ষোভ কৃষ্ণাঙ্গদের হত্যার প্রতিক্রিয়ায় অনুষ্ঠিত সাম্প্রতিক বিক্ষোভ-সমাবেশগুলোর মধ্যে সবচেয়ে বড় ছিল বলে জানিয়েছেন সংগঠকরা।

মূলত শান্তিপূর্ণ বিক্ষোভ অনুষ্ঠিত হলেও বোস্টনে রাস্তা অবরোধের চেষ্টার সময় ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মানবাধিকার সংগঠক রেভারেন্ড আল শার্পটন প্রতিষ্ঠিত ‘ন্যাশনাল অ্যাকশন নেটওয়ার্ক’ সকলের জন্য ন্যায়বিচারের দাবীতে দেশব্যাপী এ বিক্ষোভ কর্মসূচী পালনের ডাক দেয়।

এই ডাকে সারা দিয়ে ওয়াশিংটন, নিউইয়র্ক, বস্টন, লসএঞ্জেলেস, ফিলাডেলফিয়া, টেক্সাস, ফ্লোরিডা, আটলান্টা, মিজৌরি, ফিনিক্সসহ দেশটির বিভিন্ন স্থানে বিক্ষোভ-সমাবেশ হয়েছে।

হাড় কাঁপানো শীত উপেক্ষা করে শনিবার রাতে নিউইয়র্কের টাইমস স্কোয়ার এবং সুপ্রিম কোর্ট ভবনের সামনে হাজারো জনতার শ্লোগান ধ্বনিত হচ্ছিল।

“সবার জন্য ন্যায়বিচার”, “আমি শ্বাস নিতে পারছি না”, “কৃষ্ণাঙ্গদের জীবনও মর্যাদাপূর্ণ”, “তুমি কার নিরাপত্তা দিচ্ছ, তুমি কার সেবা করছো” শ্লোগানে প্রকম্পিত হয়ে উঠে নিউইয়র্কের রাতের আকাশ।

অপরদিকে ওয়াশিংটন ডিসির ডাউন টাউনের ফ্রিডম প্লাজা থেকে গগনবিদারি শ্লোগানে আশপাশের এলাকা প্রকম্পিত করে কয়েক হাজার মানুষের একটি মিছিল হোয়াইট হাউজের পাশ দিয়ে ক্যাপিটল হিলের সামনে জড়ো হয়।

“বিচার নাই, শান্তি নাই”, “বর্ণবাদি পুলিশ চাই না”, “হাত তোল, গুলি করো না” ইত্যাদি শ্লোগানের পাশপাশি “কৃষ্ণাঙ্গদের জীবনও মর্যাদাপূর্ণ”, “সব মানুষকে সমমর্যাদায় সৃষ্টি করা হয়েছে” ইত্যাদি শ্লোগান লেখা প্ল্যাকার্ড বহন করেন তারা।

সমাবেশে মিজৌরির ফার্গুসনে পুলিশের গুলিতে নিহত মাইকেল ব্রাউনের মা লেসলী ম্যাকস্প্যাডেন, নিউইয়র্কে গ্রেপ্তারকালে পুলিশের হাতে নিহত এরিক গার্নারের সন্তানসহ পুলিশের গুলিতে নিহত আরো অন্তত ১২ জনের মা, বাবা, স্ত্রী, সন্তানরা উপস্থিত ছিলেন।

অবিলম্বে কৃষ্ণাঙ্গদের হত্যার দায়ে পুলিশ অফিসারদের অভিযুক্ত করার বিষয়ে কংগ্রেসে একটি শুনানীর জন্যে ক্যাপিটল হিলের এ সমাবেশ থেকে দাবি জানানো হয়।

‘ন্যাশনাল অ্যাকশন নেটওয়ার্ক’র প্রধান শার্পটন সমাবেশ পরিচালনা করেন।

সমাবেশে দেয়া ভাষণে তিনি বলেন, “আমরা ন্যায়বিচার চাই। কৃষ্ণাঙ্গসহ সকল সংখ্যালঘুর নিরাপত্তার ব্যাপারটি দীর্ঘদিন থেকেই উপেক্ষিত রয়েছে। সর্বশেষ মাইকেল ব্রাউন এবং এরিক গর্ডনের হত্যাকান্ডে দায়ী পুলিশ অফিসারদের অভিযুক্ত না করে সংখ্যালঘু আমেরিকানদের ন্যায় বিচার প্রাপ্তির প্রত্যাশাকে চূর্ণ-বিচূর্ণ করা হয়েছে।”

“এ অবস্থা চলতে দেয়া যায় না। এ অবস্থায় সামাজিক ভারসাম্য বিপন্ন হতে বাধ্য। যুক্তরাষ্ট্রের সংবিধান সকল নাগরিকের ন্যায় বিচার নিশ্চিতের কথা বলেছে। বর্ণ, জাতি-গোষ্ঠি নির্বিশেষে সকলের সমঅধিকার নিশ্চিতের গ্যারান্টি দিয়েছে যুক্তরাষ্ট্রের সংবিধান,” বলেন তিনি।

এ সমাবেশের সঙ্গে সংহতি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি ধর্মীয় ও অভিবাসন নিয়ে কাজ করা সংগঠন। তারাও এসব বিক্ষোভে অংশ নেন। স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের মধ্যে উল্লেখযোগ্য শ্বেতাঙ্গ শিক্ষার্থির সরব উপস্থিতি সমাবেশে অংশগ্রহণকারী সবাইকে অভিভূত করেছে।

সমাবেশ শেষে কিছু বিক্ষোভকারী ওয়াশিংটনের ডাউন টাউনে গিয়ে অল্প সময়ের জন্য কয়েকটি রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানায়, জানিয়েছে পুলিশ।

মিজৌরিতে ৪০ থেকে ৫০ হাজার বিক্ষোভকারী এবং নিউইয়র্কে ২০ থেকে ৩০ হাজার বিক্ষোভাকারী প্রতিবাদে অংশ নিয়েছে বলে জানিয়েছেন পর্যবেক্ষকরা। তবে দু’জায়গায়ই বিক্ষেভাকারীদের সংখ্যার বিষয়ে পুলিশি নীতির কারণে দেখিয়ে মন্তব্য করতে অপারগতা প্রকাশ করে পুলিশ।