‘আমরা আবার ফিরব’, হুমকি হংকং বিক্ষোভকারীদের
ব্যাপক ধড়পাকড়ের মধ্য দিয়ে পুলিশ হংকংয়ের গণতন্ত্রপন্থি বিক্ষোভকারীদেরকে বিক্ষোভস্থল থেকে উৎখাতের পর ওই জায়গায় আবার ফিরে আসার হুমকি দিয়েছে বিক্ষুব্ধরা।
বৃহস্পতিবার ভোর থেকেই পুলিশ বিক্ষোভ শিবির ভেঙে দেয়ার অভিযানে নামে। পুলিশ বিক্ষোভ শিবিরের বেড়া সরিয়ে ফেলতে শুরু করলে বেশির ভাগ বিক্ষোভকারী নিজে থেকেই চলে গেলেও অনেকেই চীৎকার করে বলেছে, ‘আমরা আবার ফিরব’।
পুলিশ সতর্ক করে দেয়ার পরও অনেকেই বিক্ষোভস্থলে ছিলেন। তাদেরকে একের পর এক গ্রেপ্তার করেছে পুলিশ।
এদিন পুলিশ প্রথমে বিক্ষোভকারীদের সতর্ক করে দিয়ে বলে, তারা ৩০ মিনিটের মধ্যে বিক্ষোভ শিবির ত্যাগ না করলে তাদের গ্রেপ্তার করা হবে। গ্রেপ্তাকৃতদের মধ্যে বিরোধী ডেমক্র্যাটিক পার্টির প্রতিষ্ঠাতা মার্টিন লি, ছাত্রনেতা নাথান ল, মিডিয়া টাইকুন জিমি লি ও গায়ক ডেনিস হ রয়েছেন।
পুলিশের ধড়পাড়ক চলার সময় হংকং ফেডারেশন অব স্টুডেন্টের প্রধান অ্যালেক্স চওউ’কে ‘যুদ্ধ এখনো শেষ হয়নি’ বলে চিৎকার করতে শোনা যায়। তিনি হুমকি দিয়ে বলেন, “আজ তোমরা বিক্ষোভস্থল ফাঁকা করেছ। কিন্তু মানুষ আরেকদিন আবার ফিরে আসবে”।
চীনের নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে এসে ২০১৭ সালের নির্বাচনে পূর্ণ গণতন্ত্রের দাবিতে দুই মাসেরও বেশি সময় ধরে হংকংয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা অবরোধ করে রেখেছিল গণতন্ত্রপন্থি বিক্ষোভকারীরা।
ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা যায়, বিক্ষোভকারীদের জন্য রসদ ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা যে তাঁবুগুলোতে ছিলো পুলিশ প্রথমে ওই তাবুগুলো সরিয়ে ফেলে। এছাড়া ছাত্ররা যে এলাকায় পড়াশুনা করত ওই এলাকাও আগে ফাঁকা করা হয়। বিক্ষোভস্থলের ধ্বংসাবশেষ সরাতে পুলিশ ক্রেইন ব্যবহার করেছে।
