নিখোঁজ ৪৩ ছাত্রের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত করেছে মেক্সিকো
ফরেনসিক বিশেষজ্ঞরা নিখোঁজ ৪৩ ছাত্রের মধ্যে একজনের দেহাবশেষ সনাক্ত করেছেন বলে নিশ্চিত করেছেন মেক্সিকোর প্রধান আইন কর্মকর্তা জেসাস মুরিল্লো কারাম।
কারামের বরাত দিয়ে বিবিসি বলেছে, অস্ট্রিয়ার ফরেনসিক বিশেষজ্ঞদের পরীক্ষায় গুয়েরেরো রাজ্যের ময়লার ভাগার থেকে পাওয়া একটি হাড়ের ডিএনএ’র সঙ্গে নিখোঁজ ছাত্র আলেকজান্ডার মোরার ডিএনএ মিলে গেছে।
এর আগে কারাম মেক্সিকো সিটিতে এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, ২৬ সেপ্টেম্বর ওই নিখোঁজ ছাত্ররা গুয়েরেরো রাজ্যের ইগুয়ালা শহরে এক প্রতিবাদ সমাবেশে অংশ নেয়ার পর নিখোঁজ হয়।
প্রতিবাদ সমাবেশের সময় আটক ওই ছাত্রদের গুয়েরেরোস উইনিদোস (একত্রিত যোদ্ধা) নামের অপরাধী চক্রের হাতে তুলে দেয় দুর্নীতিপরায়ণ পুলিশ কর্মকর্তারা।
