‘ওবামার শাসনে বর্ণগত সম্প্রীতির অবনতি’
প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে বারাক ওবামার জয় যুক্তরাষ্ট্রের সাদা ও কালো মানুষের মধ্যে বিরাজমান দূরত্ব কমিয়ে আনবে, অনেকেই এমন আশা করেছিলেন।
কিন্তু বাস্তবে হয়েছে তার উল্টোটাই। ওবামার ছয় বছরের শাসনামলে দুই বর্ণের মানুষের মধ্যে সম্পর্কের আরো অবনতি হয়েছে।
সম্প্রতি ব্লুমবার্গ পলিটিকস পরিচালিত এক জরিপে এমন চিত্রই উঠে এসেছে বলে রোববার জানিয়েছে নিউজম্যাক্স ডটকম।
জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৫৩ শতাংশ মনে করেন, ওবামার অধীনে কৃষ্ণাঙ্গ-শ্বেতাঙ্গদের সম্পর্ক আরো নাজুক হয়েছে। ৩৬ শতাংশ মনে করেন, পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। মাত্র নয় শতাংশ মানুষ মনে করেন, পরিস্থিতির উন্নতি হয়েছে।
জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৪৫ শতাংশ কৃষ্ণাঙ্গ নাগরিক মনে করেন, বর্ণগত সম্পর্ক দিন দিন আরো খারাপ হচ্ছে। অপরদিকে ৫৬ শতাংশ শ্বেতাঙ্গ একই মনোভাব পোষণ করেন।
