ওবামা কন্যাদের উপদেশ দিয়ে বিপাকে
সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার মেয়েদের উপদেশ দিতে গিয়ে ফেঁসে গেছেন কংগ্রেসের এক সদস্যের মুখপাত্র।
টেনিসির রিপাবলিকান কংগ্রেস সদস্য স্টেফেন ফিঞ্চারের মুখপাত্র এলিজাবেথ লুটেনকে অনেকে বরখাস্ত করার পরামর্শও দিয়েছেন।
বুধবার থ্যাংকসগিভিং ডে উপলক্ষ্যে প্রেসিডেন্টের দুই টার্কির ক্ষমা প্রদাণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওবামার দুই মেয়ে মালিয়া (১৬) ও সাশা (১৩)।
ফেইসবুকে ওই অনুষ্ঠানের একটি ছবি পোস্ট করা হয়। ছবিতে ওবামার পেছনে দাঁড়ানো মালিয়া ও সাশার মুখভঙ্গি দেখে তাদের কিছুটা বিরক্ত মনে হয়েছে।
ওই ছবিতে মন্তব্য করতে গিয়ে এলিজাবেথ লেখেন, “কিছুটা হলেও আভিজাত্য প্রকাশের চেষ্টা কর। তোমরা যে ভূমিকা পালন করছ তার প্রতি অন্তত সম্মান দেখাও।”
ছবিতে দুই কিশোরীর মুখভঙ্গি দেখে সবাই হাস্যরসাত্মক মন্তব্য করছিল। কিন্তু এলিজাবেথ তার মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেন।
“তার ওপর আবার তোমাদের বাবা মাও নিজেদের পদের বা জাতির প্রতি খুব বেশি সম্মান দেখায়না।তাই আমার মনে হয় তোমরা ‘অনুকরণীয় চরিত্র’ হয়ে উঠতে পারবে না।”
“যা হোক, নিজেদের প্রাসারিত কর। অনুষ্ঠানের প্রতি আগ্রহী হও এবং এমন আচরণ কর যাতে মনে হয় হোয়াইট হাউজ তোমাদের কাছে গুরুত্বপূর্ণ।”
দুই মেয়ের ছোট ঝুলের স্কার্টের বিষয়টিকে ইঙ্গিত করে এলিজাবেথ লেখেন, “বার মার্কা পোশাক পরো না, এমন পোশাক পর যাতে মনে হয় তোমরা সম্মান পাবার যোগ্য।”
এলিজাবেথের ওই মন্তব্য টুইটার ও অন্যান্য যোগাযোগ মাধ্যমে ক্ষোভের ঝড় তোলে। যদিও তিনি কিছুক্ষণ পরই নিজের মন্তব্য মুছে দিয়ে ক্ষমা চান। তারপরও অনেকেই এলিজাবেথকে চাকরিচ্যুত করার পরামর্শ দেয়।
নিজের আগের মন্তব্য তুলে নিয়ে পরে এলিজাবেথ লেখেন, “বেশ কয়েক ঘণ্টা ধরে প্রার্থনা করে, আমার বাবা-মা’র সঙ্গে কথা বলে এবং অনলাইনে আমার কথাগুলো ফের পড়ে আমি বুঝতে পেরেছি যে আমি কতটা হৃদয়হীনের মতো কথা বলেছি।”
“আমার কথায় যারা দুঃখ পেয়েছেন এবং অপমানিত বোধ করেছেনে তাদের সবার কাছে ক্ষমা চাইছি। আমি কথা দিচ্ছি এই অভিজ্ঞতা থেকে আমি শিক্ষা নেব এবং শিশুসুলভ মন্তব্য করা বন্ধ করব।”
এলিজাবেথের এই ঔদ্ধত্যপূর্ণ মন্তব্যের জন্য অনেকে তার বস স্টেফেনের সমালোচনাও করেছেন।
