সন্ত্রাস ও জঙ্গিবাদে প্রাণহানি বেড়েছে ৬১%: জিটিআই
বিশ্বে ২০১৩ সালে সন্ত্রাসের বলি হয়েছে ১৮ হাজার মানুষ, যা আগের বছরের তুলনায় ৬১ শতাংশ বেশি।
সন্ত্রাসবাদ নিয়ে আন্তর্জাতিক গবেষণা সংস্থা ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিসের এক সমীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
এ সংস্থার গ্লোবাল টেরোরিজম ইনডেক্স ২০১৪ (জিটিআই) বলছে, গত বছর বিশ্বজুড়ে প্রায় ১০ হাজার সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে, যা আগের বছরের তুলনায় ৪৪ শতাংশ বেশি।
এই প্রতিবেদনের বরাত দিয়ে বিবিসি লিখেছে, গত বছর সন্ত্রাসবাদের কারণে যেসব প্রাণহানি ঘটেছে, তার বেশিরভাগের পেছনে ছিল ইসলামী স্টেট, আল কায়েদা, তালেবান ও বোকো হারামের মতো জঙ্গি সংগঠন।
১৭ হাজার ৯৮৫ জনের প্রাণহানির ঘটনার ৮২ শতাংশই ঘটেছে মাত্র পাঁচটি দেশে- ইরাক, আফগানিস্তান, পাকিস্তান, নাইজেরিয়া ও সিরিয়ায়।
আর এই সময়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইরাক, সেখানে এক বছরে ৬ হাজার ৩৬২ জন নিহত হয়েছেন জঙ্গি ও সন্ত্রাসীদের হাতে।
এই তালিকায় বাংলাদেশের অবস্থান ২৩ নম্বরে। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশসহ ১৩টি দেশ আরো বেশি মাত্রায় সন্ত্রাসী কর্মকাণ্ডের ঝুঁকির মধ্যে রয়েছে।
ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিসের প্রতিবেদনে বলা হয়েছে, গতবছর কেবল সন্ত্রাসের প্রাবল্যই বাড়েনি, এর বিস্তারও বেড়েছে। আর জঙ্গি ও সন্ত্রাসী সংগঠনগুলোর প্রধান লক্ষ্য ছিল বেসামরিক নাগরিক ও ব্যক্তিগত সম্পত্তি।
এ সংস্থার নির্বাহী চেয়ারম্যান স্টিভ কিল্লেলিয়াকে উদ্ধৃত করে বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত বছর প্রাণহানি বেড়ে যাওয়ার অন্যতম কারণ ছিল সিরিয়ার অস্থিতিশীলতা, যার শুরুটা হয় ২০১১ সালে।
“সিরিয়ার সেই অস্থিরতা এখন ইরাক ছাপিয়ে গেছে। আমাদের মনে হয়েছে সন্ত্রাসবাদের পুনরুত্থানের শুরুটা সেখানেই।”
সন্ত্রাসী কর্মকাণ্ডের এই বিস্তারের পেছনে গুরুত্বপূর্ণ তিনটি কারণের কথও বলেছে ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিস।
সংস্থাটি মনে করছে, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মতো রাষ্ট্রীয় মদদে সহিংসতা, দলগত ক্ষোভ ও ক্ষমতাধরদের দুর্নীতি সন্ত্রাস বেড়ে যাওয়ার অন্যতম প্রধান কারণ।
দারিদ্র্য, শিক্ষার্থীদের স্কুলে যাওয়ার হার কিংবা অর্থনীতির অধিকাংশ সূচকের সঙ্গে সন্ত্রাসী কর্মকাণ্ড বৃদ্ধির কোনো যোগাযোগ সংস্থাটি খুঁজে পায়নি।
