সিরিয়ায় আইএস’র অবস্থানে বিমান হামলা অব্যাহত
গত কয়েক দিনে সিরিয়ায় ইসলামিক স্টেট’র (আইএস) ১০টি সামরিক ইউনিটের উপর বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনী।
এছাড়া দেশটিতে আল কায়েদার সঙ্গে সম্পর্কিত খোরাসান জঙ্গিগোষ্ঠির অবস্থানের উপরও হামলা চালানো হয়েছে বলে শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড।
বিবৃতিতে বলা হয়েছে, আইএস’র ওই ইউনিটগুলোর পাশাপাশি সিরীয় সীমান্ত শহর কোবানির আশপাশেও আইএস’র অবস্থানে সতেরবার বিমান হামলা চালানো হয়েছে। এসব হামলায় একটি ভবন ও কয়েকটি যানবাহনসহ আইএস’র ১০টি লড়াইয়ের অবস্থান ধ্বংস হয়েছে।
এছাড়া রাক্কার কাছে অপর এক বিমান হামলায় আইএস’র একটি প্রশিক্ষণ শিবিরও ধ্বংস হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।
সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোর কাছে খোরাসান জঙ্গিগোষ্ঠির যোদ্ধাদের লক্ষ্য করে অপর একটি বিমান হামলা চালানো হয়। এই গোষ্ঠিটি যুক্তরাষ্ট্র ও অন্যান্য জায়গায় হামলা চালানোর পরিকল্পনা করছিল বলে বিবৃতিতে দাবী করা হয়।
এই হামলায় খোরাসান গোষ্ঠির কতোজন যোদ্ধা হতাহত হয়েছেন, বিবৃতিতে সে সম্পর্কে কিছু বলা হয়নি।
সব মিলিয়ে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত সিরিয়ায় আইএস ও খোরাসান গোষ্ঠির অবস্থানের উপর ১৯টি বিমান হামলা চালানো হয়েছে এবং একই সময় ইরাকেও আইএস’র অবস্থানের উপর ১৬টি বিমান হামলা চালানো হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।
