ইরাক-সিরিয়ায় আইএস’র ওপর ২৩ দফা বিমান হামলা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বাহিনী সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) অবস্থানগুলোতে ১৬ দফা এবং ইরাকে ৭ দফা বিমান হামলা চালিয়েছে।
সোমবার থেকে এই হামলাগুলো চালানো হয়। সিরিয়ায় বেশিরভাগ হামলাই তুরস্ক সীমান্তবর্তী শহর কোবানিতে চালানো হয়েছে। আর ইরাকের হামলাগুলো চালানো হয়েছে তেল উৎপাদনকারী উত্তরাঞ্চলে। বুধবার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের পক্ষ থেকে এক বিবৃতিতে একথা জানানো হয়।
কোবানিতে চালানো ১০ দফা বিমান হামলায় ইসলামিক স্টেটের (আইএস) আটটি ছোট দল, তিনটি যুদ্ধক্ষেত্র এবং একটি সরবরাহ কেন্দ্র ধ্বংস করা হয়েছে।
জোটবাহিনীর ব্যাপক বিমান হামলার পরও কোবানিতে আইএস জঙ্গিদের শক্ত অবস্থানে তেমন কোন পরিবর্তন হচ্ছে না। আইএস এর বিরুদ্ধে কোবানির কুর্দি যোদ্ধাদের সাহায্য করতে ইরাকের কুর্দি পেশমেরগা বাহিনীও যুদ্ধ করছে।
আইএস জঙ্গিরা কোবানি অবরুদ্ধ করে রেখেছে। পেশমেরগা বাহিনীর সহায়তায় কোবানির কিছু অঞ্চল থেকে আইএসকে হটিয়ে দেয়া সম্ভব হলেও শহরের অবরুদ্ধ অবস্থার পরিবর্তন হয়নি।
ওদিকে, ইরাকের বাইজি শহরে পাঁচ দফা বিমান হামলা চালানো হয়। এ শহরেই দেশটির সবচেয়ে বড় তেল শোধনাগার অবস্থিত। অন্য দুইটি হামলা তেল উৎপাদনকারী কিরকুক শহরে চালানো হয়েছে।
