পূর্ব ইউক্রেইনে প্রচণ্ড গোলা হামলা
পূর্ব ইউক্রেইনে দোনেস্কের চারপাশে প্রচণ্ড গোলা হামলা চলছে। এতে করে সরকার ও রুশপন্থি বিদ্রোহীদের মধ্যে দু’মাসের পুরোনো যুদ্ধবিরতি ভেঙে পড়ার উপক্রম হয়েছে।
বিদ্রোহী নিয়ন্ত্রিত দোনেস্কে সাংবাদিকরা বলেছেন, রাত থেকে শুরু করে ভোর পর্যন্ত ভারী গোলাবর্ষণ হয়েছে। বিদ্রোহী এবং সরকার পক্ষ দু’দিক থেকেই চলেছে এ গোলাবর্ষণ। হতাহতের তাৎক্ষণিক কোনো খবর পাওয়া যায়নি।
অধিবাসীরা বলেছে, দোনেস্ক বিমানবন্দরের কাছে লড়াই চলছে। ওই এলাকার আশেপাশের লড়াইয়ের যুদ্ধবিরতি বার বার লঙ্ঘিত হচ্ছে। লড়াইয়ে এপ্রিলের মধ্যভাগ থেকে ৪ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।
দোনেস্ক সিটি কাউন্সিল তাদের ওয়েবসাইটে এক বিবৃতিতে বলেছে, গোলা হামলায় আবাসিক এলাকার অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বিধ্বস্ত ঘরবাড়ির একটি এলাকায় অগ্নিনির্বাপন কর্মীদেরকে দেখা গেছে।
গত ৫ সেপ্টেম্বরে পৌঁছানো যুদ্ধবিরতি গত সপ্তাহ থেকেই ভেঙে পড়ার মুখে ছিল।২ নভেম্বর বিচ্ছিন্নতাবাদীদের নির্বাচনের পর থেকে দুপক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করে আসছে।
নতুন করে হামলা শুরুর জন্য বিদ্রোহীরা ইউক্রেইন বাহিনীকে দায়ী করেছে। ওদিকে, ইউক্রেইনের সেনাবাহিনী শুক্রবার ৩২ টি ট্যাংক ও সেনার বহর সীমান্তে পাঠানোর জন্য রাশিয়াকে দোষারোপ করেছে। তবে রাশিয়া বিদ্রোহীদেরকে অস্ত্র দেয়ার অভিযোগ অস্বীকার করেছে।
