২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাইজেরিয়ায় আশুরার মিছিলে আত্মঘাতী বোমায় নিহত ২৯

নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলের ইয়োবে প্রদেশে শিয়া মুসলিমদের আশুরার মিছিলে এক আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৯ জনে দাঁড়িয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2014, 01:17 PM

Updated : 13 Oct 2022, 12:45 PM

এরআগে বোমা হামলায় ১৫ জন এবং পুলিশের গুলিতে অপর ৫ জন নিহতের খবর জানা গিয়েছিল।

সোমবার এ বোমা হামলার পর নিরাপত্তা বাহিনীর গুলিতে পাঁচজন নিহত হয়েছেন বলে এক শিয়া নেতার বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।

এ ঘটনার আহত হয়েছেন আরো অন্তত ৫০ জন।

ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনী এসেই গুলি শুরু করে বলে অভিযোগ জানিয়েছেন ওই শিয়া নেতা। এ অভিযোগের বিষয়ে দেশটির সেনাবাহিনী কোনো মন্তব্য করেনি।
অন্যদিকে, পৃথক এক ঘটনায় দেশটির মধ্যাঞ্চলীয় কোজি প্রদেশের লোকোজা শহরের কারাগারে রাতভর হামলায় একজন নিহত হয়েছেন আর কারাগার ছেড়ে পালিয়ে গেছেন ১৪৪ জন।
বন্দুকধারীরা কারাগারের প্রবেশপথে বিস্ফোরকের বিস্ফোরণ ঘটিয়ে বন্দিদের পালাতে সহায়তা করেন বলে কারাগারটির সমন্বয়ক অ্যাডামস ওমালে জানিয়েছেন।

এদিকে আশুরার মিছিলে আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেনি কোন গোষ্ঠী । তবে ঘটনার জন্য ইসলামপন্থি জঙ্গিগোষ্ঠী বোকো হারাম দায়ী বলে সন্দেহ করা হচ্ছে।

গোষ্ঠীটি নাইজেরিয়ার সংখ্যালঘু শিয়াদের অমুসলিম বলে ঘোষণা করেছিল।

Image
নাইজেরিয়ার বোকো হারাম গোষ্ঠী

নাইজেরিয়ার বোকো হারাম গোষ্ঠী

৬৮০ খ্রিস্টাব্দে ইমাম হুসেইন নিহত হওয়ার ঘটনাকে স্মরণ করে আশুরা পালন করে শিয়ারা। দিনটি উপলক্ষ্যে শিয়ারা মিছিল করে যাওয়ার সময় মিছিলে মিশে যায় হামলাকারী, পরে নিজের সঙ্গে থাকা বোমার বিস্ফোরণ ঘটায়। ঘটনাস্থলে উপস্থিত এক পুলিশ কর্মকর্তা বলেছেন, “ঘটনাস্থলে অনেক মানুষ হয়েছিল, এদের অনেকেই আহত হয়েছেন।” মোহাম্মদ গানা নামের এক ব্যক্তি বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ঘটনাস্থলে নিহত নিজের ভাইসহ ২৩ জনের লাশ গুনেছেন তিনি।