২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেইনে রুশপন্থিদের নতুন নেতা, পশ্চিমাদের নিন্দা

পূর্ব ইউক্রেইনে রুশপন্থি বিদ্রোহীরা তাদের স্বঘোষিত রিপাবলিকের নির্বাচনে নতুন নেতার নাম ঘোষণা করেছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 03 Nov 2014, 08:11 PM

Updated : 22 Aug 2022, 07:29 PM

কিয়েভসহ পশ্চিমা বিশ্ব এ নির্বাচনের নিন্দা জানিয়েছে। পাশাপাশি এ নির্বাচনকে ঘিরে রাশিয়ার সঙ্গে অচলাবস্থাও আরো ঘনীভূত হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন এ নির্বাচনকে ‘অবৈধ’ আখ্যা দিয়ে একে শান্তির পথে নতুন বাধা বলে মন্তব্য করেছে।

নির্বাচনের আয়োজকরা বলেছেন, ‘দোনেস্ক গণপ্রজাতন্ত্র’র নেতা নির্বাচিত হয়েছেন ৩৮ বছর বয়সী অ্যালেক্সান্ডার জাখারচেঙ্কো। অন্যদিকে, লুহান্সকে জয়ের পথে রয়েছেন ইগর প্লোনিস্কি।

রাশিয়ার সমর্থনে অনুষ্ঠিত এ নির্বচন সোভিয়েত পরবর্তী ইউরোপে নতুন সংঘাত উস্কে দিতে পারে। ফের হুমকির মুখে পড়তে পারে ইতোমধ্যেই ক্রিমিয়া উপদ্বীপ হারানো ইউক্রেইনের অখন্ডতাও।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিন্দা-সমালোচনার কোনো তোয়াক্কা না করে পূর্ব ইউক্রেইনের বিদ্রোহীদের এ ভোটকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেন কিনা সেদিকেই এখন নজর কিয়েভ ও পশ্চিমা বিশ্বের।

রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী এ নির্বাচনের ব্যাপারে একটি প্রাথমিক প্রতিক্রিয়া জানিয়েছেন। এতে ভোটকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি না দিলেও বলা হয়েছে, পূর্ব ইউক্রেইনের নতুন নেতা নির্বাচিত হওয়াটা কিয়েভের সঙ্গে তার আলোচনায় বসারই ম্যান্ডেট।

কিয়েভের নেতারা এখন পর্যন্ত পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়ে আসছেন।