আলজেরিয়ায় সরকারি দপ্তরে পুলিশের অবস্থান ধর্মঘট
আলজেরিয়ায় কর্মক্ষেত্রের মানোন্নয়নের দাবিতে প্রধান সরকারি কার্যালয়গুলোর সামনে অবস্থান ধর্মঘট করেছে শ’ শ’ পুলিশ।
বুধবার বিক্ষোভের দ্বিতীয় দিনে এ কর্মসূচি পালন করেন তারা। এর আগে মঙ্গলবার পুলিশ কর্মকর্তারা একযোগে রাস্তায় নেমে এলে বিক্ষোভের সূচনা হয়।
১৯৬২ সালে ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা অর্জনের পর থেকে ফ্রন্ট ডি লিবারেশন ন্যাশনাল পার্টি এবং সেনাবাহিনী রাজনীতি ও সরকার নিয়ন্ত্রণ করছে। দেশটিতে চাকরি, আবাসন ও বেতনের জন্য প্রায়ই বিক্ষোভ হলেও পুলিশের এ ধরনের বিক্ষোভ বিরল।
বুধবার প্রায় ৫০০ পুলিশ কর্তা জাতীয় সঙ্গীত গেয়ে সরকারি কার্যালয় ভবনের প্রবেশপথে অবস্থান নেন। তারা পুলিশ প্রধানের পদত্যাগ এবং দাবিদাওয়া নিয়ে প্রেসিডেন্টের সঙ্গে আলোচনার দাবি জানান। পুলিশের কর্মঘণ্টা কমানোরও দাবি জানান আইনশৃঙ্খলা বাহিনীর বিক্ষোভকারী কর্মকর্তারা।
মঙ্গলবারই দেশের দক্ষিণাঞ্চলে বিবদমান দুটি গোষ্ঠীর দাঙ্গা থামাতে গিয়ে কয়েকজন সহকর্মী আহত হওয়ার প্রতিবাদে রাজধানী আলজিয়ার্সের রাস্তায় জড়ো হন কর্মকর্তা পর্যায়ের পুলিশরা।
সোমবার দক্ষিণাঙ্গলীয় গারদাইয়া এলাকায় স্থানীয় আরব ও মোজাবাইত বারবার সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা ছড়িয়ে পড়লে দুই জন নিহত হন। সংঘর্ষ থামাতে গিয়ে আহত হন বেশ কয়েকজন পুলিশ।
আলজিয়ার্স থেকে ৬শ’ কিলোমিটার দূরের শহর গারদাইয়ায় আরব ও স্বতন্ত্র জাতিগোষ্ঠী বারবারদের বাস। তারা নিজস্ব ভাষায় কথা বলে এবং তাদের ইসলাম ধর্মের সংস্করণও স্বতন্ত্র।
