২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি আরবে গুলিতে যুক্তরাষ্ট্রের নাগরিক নিহত

সৌদি আরবের রাজধানী রিয়াদে বন্দুকধারীরা যুক্তরাষ্ট্রের এক নাগরিককে গুলি চালিয়ে হত্যা করেছে এবং অপর একজনকে আহত করেছে বলে জানিয়েছে পুলিশ।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 14 Oct 2014, 10:21 PM

Updated : 22 Aug 2022, 07:18 PM

মঙ্গলবার এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ এক ব্যক্তিকে ধাওয়া করে এবং গুলিতে আহত করে আটক করে।

সৌদি আরবের মিত্রদেশ যুক্তরাষ্ট্রের নাগরিক হত্যার ঘটনা বিরল। সৌদি-যুক্তরাষ্ট্র সখ্যতার বিরোধী ইসলামি চরমপন্থিরা বা আল কায়েদা সদস্যরা এ ঘটনায় জড়িত বলে ধারণা করা হচ্ছে।

সৌদি সমর্থন নিয়ে সিরিয়া ও ইরাকে চলা যুক্তরাষ্ট্রের আইএস বিরোধী বিমান হামলার প্রতিক্রিয়ায় এ ধরনের হামলা আশঙ্কা করা হচ্ছিল।

পুলিশের এক বিবৃতিতে জানানো হয়, “বন্দুকধারীদের আক্রমণে একজন নিহত ও অপরজন আহত হয়েছে। হতাহতরা যুক্তরাষ্ট্রের নাগরিক বলে পরে পুলিশ জানতে পেরেছে”।

স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল মনসুর তুর্কি জানান, হামলার রহস্যটি সম্পর্কে কর্তৃপক্ষ এখনো পুরোপুরি নিশ্চিত নয়। তবে যুক্তরাষ্ট্রে জন্ম নেয়া এক সৌদি নাগরিক ওই হামলা চালিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। হামলার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে ২০০৭ সালে সৌদি আরবে অস্ত্রধারীদের হামলায় পশ্চিমা নাগরিক নিহতের ঘটনা ঘটেছিল। বন্দুকধারীদের আকস্মিক হামলায় তখন ফ্রান্সের তিন নাগরিক নিহত হন, যার বিচার এখনো চলছে।

আল কায়েদা সংশ্লিষ্ট একটি গোষ্ঠী ওই হামলা চালিয়েছিল বলে জানা গেছে।