২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হংকংয়ে বিক্ষোভস্থলে ধস্তাধস্তি

ইংকংয়ে গণতন্ত্রপন্থি আন্দোলনের বিরোধীদের একটি বিক্ষোভশিবির গুঁড়িয়ে দেয়ার চেষ্টার সময় বিক্ষোভকারীদের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2014, 10:25 PM

Updated : 22 Aug 2022, 07:18 PM

সোমবার সকালে মুখোশধারী কয়েকজনসহ শ’ শ’ মানুষ বিক্ষোভকারীদের ব্যারিকেডের দিকে দৌড়ে গেলে সেখানে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। পুলিশ দুপক্ষকে সংঘর্ষ থেকে বিরত রাখার চেষ্টা চালায়।

বিক্ষোভের বিরোধিতা করছে ট্যাক্সি ও অন্যান্য পরিবহন চালকরা। বিক্ষোভের কারণে তাদের কাজ ব্যাহত হতে থাকায় তারা বিক্ষোভের অবসান দাবি করছে।

বিক্ষোভ-বিরোধীরা একটি এলাকায় ব্যারিকেড উঠিয়ে দেয়ার চেষ্টা নিলে পুলিশ তাদের থামানোর চেষ্টা চালায়। এর আগে রাস্তায় যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কয়েকটি ব্যারিকেড সরায়। তবে বিক্ষোভকারীদের রাস্তায় থাকার ব্যাপারে পুলিশ কোনো আপত্তি করেনি।

কিন্তু ব্যারিকেড সরে যেতেই কয়েকঘন্টার মধ্যে বিক্ষোভকারীদের ওপর চড়াও হয়ে তাদের হটিয়ে দেয়ার চেষ্টা চালায় অকুপাই আন্দোলন বিরোধীরা। ফলে দুপক্ষে শুরু হয় ধস্তাধস্তি।

স্বায়ত্তশাসিত হংকংয়ে ২০১৭ সালের জাতীয় নির্বাচনে চীনের প্রভাব খর্ব করে পূর্ণ গণতান্ত্রিক নীতি অবলম্বনের দাবিতে বিক্ষোভ চালিয়ে আসছে গণতন্ত্রপন্থিরা।

কিন্তু এ আন্দোলন কোনো ফল বয়ে আনবে না বলে এরই মধ্যে জানিয়েছেন হংকংএর চীনপন্থি প্রধান নির্বাহী সি লেয়ুঙ। বিক্ষোভের হুমকির মুখেও চীন কর্তৃপক্ষের অবস্থানের কোনো পরিবর্তন হবে না বলে রোববার জানিয়ে দিয়েছেন তিনি।

২০১৭ সালের নির্বাচন হবে সরাসরি জনগণের ভোটে। এতে প্রার্থী সংখ্যা বেইজিং কর্তৃপক্ষই ঠিক করবে বলে নতুন নীতিতে বলা হচ্ছে।

তবে চীনা নিয়ন্ত্রণের বিরোধী হংকংবাসীরা স্বাধীন প্রার্থিতার মাধ্যমে পছন্দের নেতা নির্বাচনের দাবি জানিয়ে আসছে। এ দাবিতে প্রায় এক সপ্তাহ রাজপথে অবস্থান নিয়ে হংকং অচল করেছে বিক্ষোভকারীরা।

আন্দোলনের এক পর্যায়ে বিক্ষোভকারীদের সঙ্গে সরকারের আলোচনার সিদ্ধান্ত হয়।

তবে আন্দোলনকারী ছাত্রনেতাদের সঙ্গে সরকার আলোচনা বাতিল করার একদিন পর শুক্রবার আবার নতুন করে শহরের কেন্দ্রস্থলে জড়ো হতে শুরু করে হাজার হাজার বিক্ষোভকারী।