২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজা পুনর্গঠনে ২১ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র

যুদ্ধবিধ্বস্ত গাজার অবকাঠামো পুনর্নির্মাণে ২১ কোটি ২০ লাখ ডলার দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2014, 08:15 PM

Updated : 22 Aug 2022, 07:17 PM

বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, মিশরের রাজধানী কায়রোয় গাজা নিয়ে আয়োজিত দাতা সম্মেলনে এ প্রতিশ্রুতি দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।

গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে ৫০ দিনের যুদ্ধে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছা গাজা অঞ্চলের পুনর্গঠনের জন্য বিশ্ব সম্প্রদায়ের কাছে ৪শ’কোটি ডলার সাহায্য চেয়েছিল ফিলিস্তিন কর্তৃপক্ষ।

ওই লড়াইয়ে অন্তত এক লাখ মানুষ গৃহহারা হয় এবং নিহত হয় দুই হাজারেরও বেশি ফিলিস্তিনি। গত ২৬ অগাস্ট এক যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে দীর্ঘতম লড়াইয়ের অবসান ঘটে।

দাতা সম্মেলনের আগে দীর্ঘমেয়াদী শান্তিচুক্তিতে আসতে ইসরায়েলের প্রতি অনুরোধ জানিয়েছিলেন ফিলিস্তিন ও মিশরীয় আলোচকরা। এছাড়া, ১৯৬৭ সালের যুদ্ধের সময় দখল করা ভূমি ছেড়ে দিতেও ইসলায়েলের প্রতি অনুরোধ জানান তারা।

রোববার কায়রোর বৈঠকে কেরি বলেন, “কাল কিংবা আগামী সপ্তাহে নয়; গাজার বাসিন্দাদের জন্য এখনই সাহায্য প্রয়োজন।”

মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসির সভাপতিত্বে দাতা সম্মেলনে জাতিসংঘ মহাসচিব বান কি মুন, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ক্যাথরিন আস্টন ও আরব দেশগুলোর প্রতিনিধিরা উপস্থিত হন।

অন্যান্য দেশের প্রতিনিধিরাও গাজা পুনর্গঠনে সহায়তার আশ্বাস দেবেন বলে আশা করা হচ্ছে।