হজসেলফি: রক্ষণশীলদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া
মক্কায় মুসলিমদের অন্যতম পবিত্র একটি স্থানের সামনে বাবাকে জড়িয়ে ধরে সেলফির জন্য হাঁত বাড়িয়ে দেন ইউসুফ আলী- এবারের হজে এই প্রবণতা দেখা গেছে ব্যাপকভাবে।
মক্কায় মুসলিমদের অন্যতম পবিত্র একটি স্থানের সামনে বাবাকে জড়িয়ে ধরে সেলফির জন্য হাত বাড়িয়ে দেন ইউসুফ আলী- এবারের হজে এই প্রবণতা দেখা গেছে ব্যাপকভাবে।
হাজার হাজার তরুণ পূণ্যার্থী ক্যামেরা ও স্মার্টফোনে নিজেদের ছবি তুলে ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে পোস্ট করেছেন।
বিষয়টিকে ইতিবাচকভাবে নিতে পারেননি অনেকে। রক্ষণশীল মুসলিমদের মধ্যে এর বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে বলে রোববার যুক্তরাজ্যভিত্তিক দৈনিক টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে।
এদেরই একজন ২৪ বছর বয়সী ইউসুফ আলী বলেন, “এটি আমার প্রথম হ্জ। তাই আমার চারপাশে যা ঘটছে সেসব ধরে রাখা আমার জন্য গুরুত্বপূর্ণ।”
মিনায় শয়তানকে পাথর ছোড়ার স্থানে একটা দেয়ালে সবুজ রংয়ে ‘বড় জামারাহ’ লেখার পাশে দাঁড়িয়ে নিজের ছবি তোলেন তিনি।
“আমি যেখানে যাই সেখানেই ছবি তুলি। বিশেষ করে এখন আমাদের কাছে এই ক্ষুদ্র ক্যামেরাগুলো আছে। এটি দিয়ে এই এলাকার পুরো দৃশ্য তুলে নেয়া যায়,” হাসিমুখে বলেন এই কুয়েতি যুবক।
ক্রমশ জনপ্রিয় হয়ে ওঠা এই বিষয়টি অবশ্য সবার কাছে সমান গ্রহণযোগ্যতা পায়নি, রক্ষণশীল মুসলিমরা এ নিয়ে প্রশ্ন তুলেছেন। কেউ কেউ টুইটারে নিজেদের ছবি তোলা (সেলফি) হাজিদের সমালোচনা করেছেন।
“নব্বই দশকের মাঝামাঝি আমরা যখন উমরা করতে গিয়েছিলাম, ‘হারাম!’ বলে চিৎকার করে বাবা তখন নিজের ক্যামেরা প্রায় বাজেয়াপ্ত করেছিলেন। এখন হজসেলফি একটি বিষয়ে পরিণত হয়েছে। এ কি এক বিশ্ব!” টুইটে বলেছেন একজন।
তবে সেলফির পক্ষেও মতেরও অভাব নেই।
“হজসেলফি নিয়ে লোকজন বিরাট একটি ইস্যু তৈরি করছে। হজের সময় যদি ছবি তোলার অনুমোদন দেয়া হয় তাহলে সেলফিতে সমস্যা কোথায়?” প্রশ্ন তুলেছেন আব্দুল মুফেজ শহীদ।
“কোনো সমস্যা নেই,” বলেন ইউসুফ আলীর ৬৫ বছর বয়সী বাবা মোহাম্মদ আলী।
“একটি বিরল অনুষ্ঠানের স্মৃতি ধরে রাখার জন্যই এরকম ছবি তোলা হয়,” বলেন তিনি।
এ বিষয়ে সৌদি আরবের ইসলামি শরিয়া আইনের এক অধ্যাপক বলেন, “ছবি যদি ব্যক্তিগত স্মৃতির জন্য তোলা হয় এবং আত্মপ্রচারের জন্য না হয়, তাহলে কোনো সমস্যা নেই।
তবে মোহাম্মদ আলী ওই বিশেষজ্ঞের বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেন।
তিনি বলেন, “ক্যামেরা মোবাইলের মতোই একটি যন্ত্র। ধর্মীয় বিশেষজ্ঞরাও মোবাইলে নিষেধাজ্ঞা না দিয়ে নিজেরাই ব্যবহার করেন, তাই আধুনিক সময়ে আরেকটি যন্ত্রকে নিষিদ্ধ করা কেন?”
