২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় পর্বের ভোট এড়াতে পারলেন না রৌসেফ

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে থেকে প্রাথমিকভাবে বিজয়ী হলেও সরাসরি বিজয়ী হওয়ার মতো পর্যাপ্ত ভোট পেলেন না ক্ষমতাসীন বামপন্থী প্রেসিডেন্ট দিলমা রৌসেফ।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 05 Oct 2014, 02:50 PM

Updated : 25 Apr 2022, 04:47 PM

রোববার অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে তিনি ৪২ শতাংশ ভোট পেয়ে প্রথম হয়েছেন, জানিয়েছে বিবিসি।

৩৪ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে আছেন মধ্যডানপন্থী প্রার্থী আয়াসিও নিভস, আর ২১ শতাংশ ভোট পেয়ে তৃতীয় স্থানে আছেন স্যোশালিস্ট পার্টির প্রার্থী মারিনা সিলভা।

আগামী ২৬ অক্টোবর দ্বিতীয় পর্বের বা চূড়ান্ত পর্বের ভোট অনুষ্ঠিত হবে, আর তাতে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রথম পর্বে এগিয়ে থাকা দুই প্রার্থী।

বিশ্লেষকরা মনে করছেন, দ্বিতীয় পর্বের ভোটে রৌসেফ ও নিভেসের মধ্যে আরো হাড্ডাহাড্ডি লড়াই হবে।

নির্বাচনের ফলাফল প্রকাশের পর এক বিবৃতিতে রৌসেফ বলেছেন, “দমন, বেকারত্ব ও অতীতের প্রেতাত্মাকে প্রত্যাখান করেছে জনগণ।” পরিবর্তনের জন্য কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

অপরদিকে “পরিবর্তনের আশা” বাঁচিয়ে রাখার জন্য দ্বিতীয় পর্বের জন্য বাদ পড়া প্রার্থী সিলভার সমর্থকদের তাকে সমর্থন করার আহ্বান জানিয়েছেন নিভেস।

সিলভা জানিয়েছেন, দ্বিতীয় পর্বের ভোটে তারা কোনো প্রার্থীকে সমর্থন দিবেন কীনা তা ঠিক করতে তিনি এবং স্যোশালিস্ট পার্টির অন্যান্য নেতারা সমানের দিনগুলোতে বৈঠকে বসবেন।

রোববারের ভোটে নিবন্ধিত ভোটার ছিলেন ১৪ কোটি ২০ লাখ। মোট ৮০ শতাংশ ভোট পড়েছে।

রোববার প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি ব্রাজিলের ফেডারেল পার্লামেন্ট ও রাজ্য সরকারগুলোর নির্বাচনও অনুষ্ঠিত হয়েছে।