২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় আইএস এর সঙ্গে যৌথবাহিনীর প্রচণ্ড যুদ্ধ

সিরিয়ার সীমান্তবর্তী শহর কোবানিতে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন যৌথবাহিনী ও কুর্দি যোদ্ধাদের সঙ্গে ইসলামিক স্টেট জঙ্গিদের যুদ্ধ চরম আকার ধারণ করেছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 04 Oct 2014, 09:12 PM

Updated : 25 Apr 2022, 04:47 PM

ব্রিটিশ ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এবং প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার কোবানির পূর্ব ও দক্ষিণে কুর্দি যোদ্ধা এবং আইএস জঙ্গিদের মধ্যে প্রচণ্ড যুদ্ধ হয়েছে। এছাড়া যৌথবাহিনীর জঙ্গিবিমানগুলো আইএস লক্ষ্যবস্তুতে বেশ কয়েকবার বিমান হামলা চালিয়েছে।

কুর্দি অধ্যুষিত শহর কোবানিতে গত কয়েকদিন ধরে আইএস জঙ্গিরা তান্ডব চালাচ্ছে। কুর্দি যোদ্ধারা তাদের বাধা দেয়ার চেষ্টা করছে। যৌথ বাহিনীও বিমান হামলা চালিয়েছে। তারপরও সেখানে আইএস এর আগ্রাসন থামানো যাচ্ছে না।

আইএস এর হামলা থেকে প্র্রাণ রক্ষা করতে প্রায় এক লাখ ৮০ হাজার কুর্দি সীমান্ত পেরিয়ে তুরস্কে আশ্রয় নিয়েছে।

আইএস জঙ্গিরা আগেই হুমকি দিয়ে বলেছিলো তারা কয়েক দিনের মধ্যে কোবানি শহর দখল করে নেবে এবং সেখানকার মসজিদে ঈদুল আজহা (মুসলমানদের ধর্মীয় উৎসব) এর নামাজ পড়বে। সিরিয়ায় শনিবার ঈদুল আজহা উদযাপিত হয়।

অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, এদিন কোবানি শহরের চারিদিকে বৃষ্টির মতো গোলা বর্ষণ হয়েছে। কুর্দি যোদ্ধা ও আইএস জঙ্গিরা রাতভর যুদ্ধ করেছে। দুইপক্ষের বেশিরভাগ গোলাই শহরের ভেতরে পড়েছে। তবে হতাহতের সঠিক সংখ্যা তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

কোবানিতে অবস্থান করা কুর্দি ডেমক্র্যাটিক ইউনিয়ন পার্টির (পিওয়াইডি)মুখপাত্র পরওয়ার মোহাম্মদ আলী বলেন, “সাধারণত রাতের বেলা গোলা বর্ষণ শান্ত হয়ে আসে। কারণ আইএসআইএস জঙ্গিরা বিমান হামলার ভয়ে রাতে আত্মগোপন করে থাকে। কিন্তু গতরাতে তারা (আইএস) গোলা বর্ষণ অব্যাহত রেখেছে এবং আক্রমণ করার চেষ্টা করেছে।”

শুক্রবারের যুদ্ধে অন্তত ৯০টি গোলা শহরে আঘাত হেনেছে এবং অন্তত দুইজন বেসামরিক মানুষ মারা গেছে। এছাড়া শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ ও পূর্বে অন্তত তিনবার বিমান হামলার শব্দ পাওয়া গেছে বলে জানান মোহাম্মদ আলী।