প্রতিস্থাপিত জরায়ু থেকে প্রথম শিশু
চিকিৎসা বিজ্ঞানের নতুন দিগন্ত উন্মোচিত করে বিশ্বের প্রথম প্রতিস্থাপিত জরায়ু নিয়ে সন্তানের জন্ম দিয়েছেন সুইডেনের এক নারী।
সেপ্টেম্বরে গর্ভকালীন সময় পূর্ণ হওয়ার আগেই ৩১ সপ্তাহের শিশুটির জন্ম হয় বলে ব্রিটিশ চিকিৎসা সাময়িকী ল্যানসেটের বরাত দিয়ে শনিবার জানিয়েছে বিবিসি।
বিশ্বে এই পদ্ধতিতে এটিই প্রথম শিশুজন্মের ঘটনা বলে প্রতিবেদনে জানিয়েছেন চিকিৎসকরা।
১ দশমিক ৮ কেজি ওজন নিয়ে জন্ম নেয়া ছেলে সন্তান ও তার মা সুস্থ আছেন বলে জানিয়েছেন তারা।
৩৬ বছর বয়সী ওই মা জরায়ু ছাড়া জন্মেছিলেন। ৬১ বছর বয়সী এক পারিবারিক বন্ধুর দান করা জরায়ু তার শরীরে প্রতিস্থাপন করা হয়েছিল।
সুইডেনের গোথেনবার্গের সালগ্রেনস্কা বিশ্ববিদ্যালয় হাসপাতালের চিকিৎসকরা জরায়ু প্রতিস্থাপনের কাজটি করেছেন।
প্রতিস্থাপিত জরায়ুটি নারীর শরীরের অংশে পরিণত করার জন্য ওষুধ ব্যবহার করেছেন চিকিৎসকরা।
আইভিএফ পদ্ধতিতে দম্পতিটির ১১টি ভ্রুণ উৎপাদন করে ‘ফ্রোজেন’ করে রেখেছিলেন তারা। প্রতিস্থাপনের এক বছর পর চিকিৎসকরা একটি ‘ফ্রোজেন’ ভ্রুণ প্রতিস্থাপিত ওই জরায়ুতে স্থাপন করার সিদ্ধান্ত নেন আর তা থেকেই গর্ভ সঞ্চার হয়।
জন্মকালীন সমস্যা বা ক্যান্সার চিকিৎসা নারীদের জরায়ুর কার্যকারিতা হারানোর প্রধান কারণ। এতদিন পর্যন্ত এ ধরনের নারীরা সন্তান নিতে চাইলে গর্ভ ধার করাই ছিল একমাত্র উপায়।
সন্তান জন্ম দেয়া ওই মায়ের জরায়ু এখনও সক্রিয় আছে বলে জানা গেছে। তবে সুইডিশ ওই দম্পতির পরিচয় প্রকাশ করা হয়নি।
শিশুটির গর্বিত পিতা জানিয়েছে তার ছেলে দেখতে “অসাধারণ” হয়েছে।
এর আগে অপর দুটি চিকিৎসক দল এ পদ্ধতিতে সন্তান উৎপাদনের চেষ্টা করে ব্যর্থ হয়েছিলেন।
