২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেবে সুইডেন

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেয়ার ঘোষণা দিয়েছে সুইডেনের মধ্য-বামপন্থি-নেতৃত্বাধীন নতুন সরকার।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 03 Oct 2014, 10:17 PM

Updated : 25 Apr 2022, 04:46 PM

শুক্রবার সুইডিশ প্রধানমন্ত্রী স্টেফান লফভেন পার্লামেন্টের উদ্বোধনী ভাষণে ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে অবস্থান নেন। এর বাস্তবায়ন হলে সুইডেনই হবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়া প্রথম ইইউ রাষ্ট্র।

২০১২ সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে সার্বভৌম ফিলিস্তিনকে ‘অ-সদস্য পর্যবেক্ষক রাষ্ট্রের’ স্বীকৃতি দেয়া হয়। তবে ইইউ ও ইইউভুক্ত অধিকাংশ রাষ্ট্র জাতিসংঘের প্রস্তাবে এখনো আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি।

পার্লামেন্টে লফভেন বলেন, “ইসরায়েল-ফিলিস্তিনকে দুটি আলাদা রাষ্ট্রের স্বীকৃতি দেয়ার মাধ্যমেই কেবল দুই দেশের সংঘাতের অবাসন সম্ভব। আন্তর্জাতিক আইন অনুসারেই তাদের মধ্যে বোঝাপড়া হতে হবে।”

“দুই রাষ্ট্রের সমাধানের জন্য পারস্পরিক স্বীকৃতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের মানসিকতা প্রয়োজন। আর সে কারণেই সুইডেন ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে।”

সুইডেনের এমন উদ্যোগ ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্রের মর্যাদা পাওয়ার প্রচেষ্টায় একটি শুভ সংবাদ। আন্তর্জাতিক পরিমণ্ডলে ভালো মধ্যস্থতাকারী ও ইউরোপীয় ইউনিয়নের প্রভাবশালী অংশীদার সুইডেনের স্বীকৃতি অন্যান্য রাষ্ট্রের সমর্থন পেতে ফিলিস্তিনকে সহায়তায় করবে।

তবে সুইডেনের এমন পদক্ষেপের কড়া সমালোচনা আসতে পারে ইসরায়েলের পক্ষ থেকে। ইইউ ও যুক্তরাষ্ট্রও বিষয়টি ভালো চোখে দেখবে না। আলোচনার মাধ্যমে ইসরায়েল-ফিলিস্তিন সমস্যার সমাধান চায় তারা।

ইইউতে যোগ দেয়ার আগেই ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছিল হাঙ্গেরি, পোল্যান্ড ও স্লোভাকিয়া। স্বীকৃতি দেয়ার পরে এ দেশগুলো ইইউতে যোগ দেয়ার কারণে সুইডেনকেই ফিলিস্তিনকে সমর্থন দেয়া প্রথম ইইউ রাষ্ট্র হিসেবে ধরে নেয়া হচ্ছে।

কয়েক দশক ধরে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে গাজা ও পশ্চিমতীর নিয়ে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনিরা।