২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হংকংয়ে বিক্ষোভকারীদের ওপর চড়াও চীনপন্থিরা

হংকংয়ে গণতন্ত্রপন্থি আন্দোলন শিথিল হয়ে আসার মধ্যেই রাজপথের অবস্থান শিবিরে সংঘর্ষে জড়িয়েছে গণতন্ত্রপন্থি ও বেইজিংপন্থিরা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2014, 07:36 PM

Updated : 25 Apr 2022, 04:46 PM

শুক্রবার আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে প্রশাসন ও গণতন্ত্রপন্থি বিক্ষোভকারীদের মধ্যে সমঝোতা হওয়ার কিছুক্ষণের মধ্যেই সংঘর্ষ শুরু হয়। প্রতিবাদে আলোচনা থেকে সরে দাঁড়ানোর হুমকি দেয় গণতন্ত্রকামীরা।

বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, শুক্রবার কয়েকটি স্থানে রাজপথ দখল করে আন্দোলনের বিরোধীরা বিক্ষোভকারীদের তাঁবু তছনছ করে। এ সময় দুই পক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন বলে স্থানীয় গণমাধ্যমের খবরে জানানো হয়।

এক সপ্তাহ ধরে বিক্ষোভ চলার পর সরকার আলোচনার প্র্রস্তাব দিলে তা মেনে নেয়ার ঘোষণা দেন গণতন্ত্রপন্থি অকুপাই মুভমেন্ট নেতারা। অবস্থান শিবিরগুলো থেকেও বিক্ষোভকারীরা ধীরে ধীরে বাড়ি ফিরতে শুরু করেন।

তবে আলোচনার বসার প্রস্তুতির মধ্যেও অনেক বিক্ষোভকারী রাজপথ দখল করে পড়ে থাকায় সহিংসতার আশঙ্কা করা হচ্ছিল বিভিন্ন মহল থেকে।

বিকালে কওলুন উপদ্বীপের মঙ কক জেলায় আন্দোলনের বিরোধীরা বিক্ষোভকারীদের তাঁবু ভেঙ্গে দেয়। দীর্ঘদিনের আন্দোলনে ক্ষুব্ধ হয়ে উঠেছিল স্থানীয় বাসিন্দারাও।

তবে পুলিশ এসময় এগিয়ে এসে দুই পক্ষকে সরিয়ে দেয়ার চেষ্টা করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

কাজিওয়ে উপকূলেও সংক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা বিক্ষোভকারীদের বিভিন্ন ব্যারিকেড সরিয়ে ফেলে। সেখানেও দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়।

ঘটনার পরই সরকারের সঙ্গে আলোচনার আয়োজন থেকে সরে আসার ঘোষণা হুমকি দেন বিক্ষোভের নেতৃত্বে থাকা অকুপাই নেতারা।

তারা বলেন, সরকারকে অবশ্যই অকুপাই মুভমেন্টের ওপর সংঘবদ্ধ হামলা ঠেকাতে হবে। অন্যথায় সরকারের আলোচনায় বসার প্রতিশ্রুতি থেকে সরে আসবে তারা।

গণতন্ত্রপন্থিরা হংকংয়ের চীনপন্থি প্রধান নির্বাহী সি লেয়ুঙয়ের পদত্যাগের জন্য বৃহস্পতিবার রাত পর্যন্ত সময় বেঁধে দিলেও তা নাকচ করে বিক্ষোভকারীদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার প্রস্তাব দেন তিনি।

বিরোধী নেতারা প্রস্তাব মেনে নেয়ার ঘোষণা দেয়ার পরই অনেক আন্দোলনকারী বাড়ি ফিরতে শুরু করেন।

নির্বাচন পদ্ধতির সংস্কার দাবিতে এক সপ্তাহ ধরে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে বিক্ষোভকারীরা।

বিক্ষোভকারীদের রাস্তা দখলের কারণে শুক্রবার কিছুক্ষণের জন্য হংকংয়ের সরকারি অফিসগুলো বন্ধ রাখা হয়। কর্মকর্তারা বাসা থেকে কাজ করতে পারবেন বলে শিথিলতা দেয়া হয় তখন।

হংকংয়ের প্র্রধান নির্বাহী লেয়ুঙকে পূর্ণ সমর্থন দিয়েছে বেইজিং। তার পদত্যাগ দাবিকারী বিক্ষোভকারীদের আন্দোলন অবৈধ বলে ঘোষণা দেয় তারা।

বৃহস্পতিবার রাতেও হাজার হাজার বিক্ষোভকারী হংকংয়ের প্রধান নির্বাহী লেয়ুঙয়ের কার্যালয়ের বাইরে অবস্থান নিয়েছিল। তাদের সামনে দাঙ্গা পোশাক পরে অবস্থান নিয়েছিল প্রায় শতাধিক পুলিশ।

১৯৯৮ সালে সাবেক ব্রিটিশ উপনিবেশ হংকং চীনের কাছে হস্তান্তর করা হয়। তারপর থেকে চীনের অধীনে ‘এক দেশে দুই পদ্ধতি’ নীতিতে হংকংয়ের প্রশাসন পরিচালিত হচ্ছে।

মূল চীনের তুলনায় কিছুটা গণতান্ত্রিক নীতিতে হংকংয়ের সরকার নির্বাচিত হলেও এতে চীনের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। বেইজিংয়ের পছন্দের প্রার্থীকেই নেতা (প্রধান নির্বাহী) নির্বাচন করতে হচ্ছে হংকংবাসীকে।

আগেকার পরিস্থিতি শিথিল করে চীনের পছন্দের চারজন প্রার্থীর মধ্য থেকে নেতা নির্বাচনের সুযোগ রেখে ২০১৭ সালের ভোটের আয়োজন চলছে।

ওই ‘অগণতান্ত্রিক’ সিদ্ধান্ত পরিবর্তন করে উন্মুক্ত প্রার্থিতার সুযোগ রেখে নির্বাচন আয়োজনের দাবিতেই আন্দোলন শুরু করে গণতন্ত্রকামীরা।

সেপ্টেম্বরের প্রথম দিকেই হংকংয়ে প্রতিবাদ শুরু হয় যা গত শুক্রবার গণবিক্ষোভের রূপ নেয়।