২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘পশ্চিম আফ্রিকায় ইবোলায় মৃতের সংখ্যা ৩০০০ ছাড়িয়ে’

পশ্চিম আফ্রিকায় ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2014, 11:25 AM

Updated : 22 Aug 2022, 07:12 PM

ওই অঞ্চলের ছয় হাজার পাঁচশ’রও বেশি মানুষ ইবোলা সংক্রমণে আক্রান্ত হয়েছেন বলে সর্বশেষ পাওয়া তথ্যে ইঙ্গিত পাওয়া গেছে বলে শুক্রবার জানিয়েছে বিবিসি।

পশ্চিম আফ্রিকার দেশগুলোর মধ্যে সংক্রমণ সবচেয়ে বেশি ছড়িয়ে পড়েছে লাইবেরিয়ায়। এ পর্যন্ত দেশটিতে ইবোলা আক্রান্ত ১৮৩০ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।

এই প্রাদুর্ভাব আধুনিক সময়ে বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী সংক্রমণে পরিণত হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ইবোলাকে “বিশ্ব নিরাপত্তার জন্য হুমকি” বলে অভিহিত করেছেন।

নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে আক্রান্ত রোগীরা সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে সাম্প্রতিক কয়েকটি সমীক্ষার প্রতিবেদনে সতর্ক করা হয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, ৮ দিনের মধ্যে গিনি এবং লাইবেরিয়ার দুটি নতুন এলাকায় প্রথম ইবোলা আক্রান্তের তথ্য লিপিবদ্ধ করা হয়েছে।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

প্রাদুর্ভাব নিয়ন্ত্রণরত স্বাস্থ্যকর্মীরাও রক্ত ও থুতুর মাধ্যমে ছড়িয়ে পড়তে সক্ষম ইবোলার সংক্রমণ ঝুঁকিতে রয়েছেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে। এতে বলা হয়েছে, এ পর্যন্ত ৩৭৫ জন স্বাস্থ্যকর্মী ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন এবং ২১১ জন মৃত্যুবরণ করেছেন। স্বাস্থ্যকর্মীদের মৃত্যু ও তাদের অসুস্থ হয়ে পড়ায় সংক্রমণ ছড়িয়ে পড়া দেশগুলোর দুর্বল স্বাস্থ্য ব্যবস্থা আরো নাজুক হয়ে পড়েছে। এতে প্রাদুর্ভাব মোকাবিলা করা আরো কঠিন হয়ে পড়েছে। আক্রান্ত এলাকাগুলোতে হাসপাতাল শয্যার প্রকট অভাব রয়েছে, লাইবেরিয়াতেই এই সমস্যা সবচেয়ে প্রকট আকার ধারণ করেছে। দেশটিতে জরুরি চিকিৎসা সুবিধা স্থাপনা তৈরি ও রোগ মোকাবিলার জন্য ৩ হাজার সেনা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ইবোলা ভাইরাস ডিজিজ (ইভিডি) এর সংক্রমণের প্রথম ২১ দিন ভাইরাসটি সুপ্ত থাকে। এরপর প্রচণ্ড জ্বর, রক্তপাতের মাধ্যমে রোগটির আত্মপ্রকাশ ঘটে। চূড়ান্ত পর্যায়ে কেন্দ্রীয় স্নায়ু ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়ে আক্রান্তের মৃত্যু হয়। রোগটির প্রমাণিত কোনো প্রতিষেধক নেই, আক্রান্ত হলে মৃত্যুর সম্ভাবনা প্রায় ৯০ শতাংশ। যে সব আক্রান্তের ডায়রিয়া ও বমির লক্ষণ দেখা গেছে, তাদের পর্যাপ্ত পানি, স্যালাইন দিয়ে সারিয়ে তোলা গেছে। ফল খেয়ে বেঁচে থাকা বাঁদুর থেকে ভাইরাসটি ছড়িয়ে পড়েছে বলে ধারণা করা হয়। এ ধরনের বাঁদুর পশ্চিম আফ্রিকার একটি জনপ্রিয় খাদ্য।