রাশিয়ায় ইইউ-যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা
রাশিয়ায় ইইউ এর নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্রও দেশটির ওপর নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
এতে করে বড় রাষ্ট্রায়ত্ব ব্যাংকগুলোর জন্য ঋণ বন্ধ হয়ে গেছে এবং তেল ও প্রতিরক্ষা ফার্মগুলোর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের ব্যবসা বন্ধ হয়ে গেছে।
ইউক্রেইন সঙ্কটে রাশিয়ার ভূমিকার কারণে দেশটির ওপর চাপ বজায় রাখাই এ নিষেধাজ্ঞার উদ্দেশ্য। তবে ইউক্রেইনে যুদ্ধবিরতি চলার কারণে এ পদক্ষেপ শিথিল করা কিংবা তুলেও নেয়া হতে পারে। মাঠ পর্যায়ে পরিস্থিতিরি উন্নতি হলে যুক্তরাষ্ট্র এবং ইইউ উভয়ই নিষেধাজ্ঞা শিথিল করা হতে পারে বলে জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী জ্যাকব লিউ বলেন, “ইউক্রেইনকে অস্থিতিশীল করতে রাশিয়ার সেনাবাহিনী সরাসরি হস্তক্ষেপ করায় আমাদের ইউরোপীয় মিত্রদের মতো আমরাও শুক্রবার রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছি।”
“রাশিয়ার আগ্রাসন রুখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের চলমান প্রচেষ্টাই এ পদক্ষেপের মধ্য দিয়ে স্পষ্ট হয়েছে।”
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাষ্ট্রের এ নিষেধাজ্ঞাকে শান্তি প্রক্রিয়াকে ক্ষুন্ন করার চেষ্টা বলে অভিযোগ করেছেন।
নেটো বলেছে, পূর্ব ইউক্রেইনে রাশিয়ার এখন পর্যন্ত প্রায় ১ হাজার সশস্ত্র সেনা আছে।
রাশিয়ায় ইইউ ও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে সেবা রপ্তানি বন্ধ হয়ে যাওয়া ছাড়াও দেশটির তেলশিল্পের জন্য প্রযুক্তি রপ্তানি বন্ধ হয়ে যাবে।
ইইউ এর নিষেধাজ্ঞার আওতায় আছে রাশিয়ার তিনটি প্রধান তেল কোম্পানি, রোসনেফত, ট্রানসেফট এবং গ্যাজপ্রোম নেফট। অর্থবাজারে এ কোম্পানিগুলোর প্রবেশ নিয়ন্ত্রিত থাকবে। রোসনেফট এর জন্য এটি মারাত্মক ব্যাপার। কারণ, গত মাসে এ কোম্পানিটি রুশ সরকারের কাছ থেকে ৪ হাজার দুশো’ কোটি ডলার ঋণের আবেদন করেছিল।
ওদিকে, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার প্রভাব পড়বে রোসটেকের ওপর। এটি রাশিয়ার তেল শিল্পের বড় প্রযুক্তি ও প্রতিরক্ষা ফার্মগুলোর একটি।
নিষেধাজ্ঞার ফলে রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলো একমাসেরও বেশি সময়ের জন্য ঋণ পাবে না এবং ইইউ ও যুক্তরাষ্ট্রের অন্যান্য অর্থনৈতিক সেবা পাবে না।
