২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইএস-বিরোধী নতুন অভিযানে নামছেন ওবামা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ইসলামিক স্টেটকে (আইএস)মোকাবেলায় আগামী বুধবার নতুন পরিকল্পনা ঘোষণা করবেন জানিয়ে এ জঙ্গি গোষ্ঠীটির বিরুদ্ধে ‘আক্রমণাত্মক’ পদক্ষেপ নেয়ার ইঙ্গিত দিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2014, 12:23 AM

Updated : 25 Apr 2022, 04:40 PM

এনবিসি টিভিতে তিনি বলেন, যুক্তরাষ্ট্র আইএস’ কে পর্যদুস্ত করে ফেলবে, তাদের দখলে থাকা অঞ্চল কমিয়ে আনবে এবং তাদেরকে পরাজিত করবে।

কিছুদিন আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ‘আইএস’ এর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এখনো কোনো কৌশল ঠিক করেনি’ বলে জানিয়েছিলেন ওবামা। তার এ কথা নিয়ে ব্যাপক সমালোচনা হয়।

এরপরই রোববার প্রথমবারের মতো ইরাকের পশ্চিমাঞ্চলে হাদিতায় আইএস এর ওপর বড় ধরনের অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র।

এনবিসি’র মিট দ্য প্রেস অনুষ্ঠানে ওবামা বলেন, “আমরা আইএআইএল’ এর হুমকি মোকাবেলা করব- দেশবাসীকে আমি এ নিশ্চয়তা দেয়ারই প্রস্তুতি নিচ্ছি।”

আইএস জঙ্গি গোষ্ঠীটি আইএসআইএল এবং আইএসআইএস নামেও পরিচিত। সম্প্রতি কয়েক মাসে তারা ইরাক ও সিরিয়ার বিশাল অংশ দখল করে নিয়ে ‘ইসলামি খেলাফত’ প্রতিষ্ঠা করেছে।

ওবামা বলেন, “বুধবার আমি ভাষণ দেব এবং তাতেই আমাদের পরিকল্পনা জানাব”।

আইএস এর বিরুদ্ধে আক্রমণ শানানোর পথেই যাবেন বলে উল্লেখ করেন তিনি। তবে মার্কিন স্থলসেনা পাঠানোর পরিকল্পনা নেই বলে জানান তিনি।

এ অভিযান ইরাক যুদ্ধের সমপর্যায়ের হবে না। বরং গত পাঁচ, ছয় কিংবা সাত বছর ধরে চলা সন্ত্রাসবিরোধী অভিযানের মতো হবে বলে জানিয়েছেন ওবামা।