২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুতিনের যুদ্ধবিরতি পরিকল্পনা প্রত্যাখ্যান

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রস্তাবিত একটি যুদ্ধবিরতি পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন ইউক্রেইনীয় প্রধানমন্ত্রী আর্সেনি ইয়েৎসেনিয়ুক।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2014, 01:14 PM

Updated : 22 Aug 2022, 07:02 PM

দ্য ডন বলছে, রাশিয়ার আসল উদ্দেশ্য সম্পর্কে পশ্চিমাদেশগুলোকে বিভ্রান্ত করতেই প্রস্তাবটি পেশ করা হয়েছে বলে অভিযোগ করেছেন ইয়েৎসেনিয়ুক।

বুধবার এক বিবৃতিতে তিনি বলেন, “নেটো সম্মেলনের আগে নতুন এই প্রস্তাবটি দেয়া হয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়ের চোখের ওপর পর্দা টেনে দেয়ার জন্য আর রাশিয়ার বিরুদ্ধে ইইউ’র (ইউরোপীয় ইউনিয়ন) এড়ানোর অযোগ্য নতুন নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত বন্ধ করার উদ্যোগ হিসেবে।”

তিনি আরো বলেন, “ইউক্রেইনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ শেষ করার সবচেয়ে ভালো পরিকল্পনা একটিই আছে- সেটি হল রাশিয়ার সরকারি সেনা, ভাড়াটে সেনা ও তার সন্ত্রাসীদের ইউক্রেইনের মাটি থেকে প্রত্যাহার করা।”

পূর্ব ইউক্রেইনের পাঁচ মাসব্যাপী সংঘাত বন্ধে পুতিন ও তার মধ্যে শান্তি পরিকল্পনার বিষয়ে একটি সমঝোতা হয়েছে বলে জানিয়েছিলেন ইউক্রেইনীয় প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো, তা সত্বেও পুতিন প্রস্তাবিত শান্তি পরিকল্পনা নিয়ে এ মন্তব্য করলেন ইউক্রেইনীয় প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার ওয়েলসে নেটো সম্মেলন শুরুর প্রাক্কালে প্রস্তাবটির বিস্তারিত তুলে ধরেছেন প্রেসিডেন্ট পুতিন।

শুক্রবার প্রস্তাবটি নিয়ে ‘তথাকথিত’ ইউক্রেইন কন্ট্যাক্ট গ্রুপ (যার মধ্যে কিয়েভের প্রতিনিধিরাও আছেন), বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীরা, মস্কো ও প্যান ইউরোপিয়ান সিকিউরিটি বডি দি ওএসসিই’র আলোচনা করার কথা রয়েছে।

পূর্ব ইউরোপের অবস্থানে কয়েক হাজার সেনার একটি দ্রুত প্রতিক্রিয়া দেখোনোর মতো বাহিনী মোতায়েন করার পরিকল্পনা করেছে নেটো, এই সিদ্ধান্ত মস্কোর সঙ্গে নেটোর উত্তেজনা বাড়িয়ে তোলার আগ্রহের প্রতিফলন বলে অভিযোগ করেছে রাশিয়া।

এর আগে পাঁচ মাসব্যাপী চলা লড়াইয়ের ইতি ঘটাতে ইউক্রেইনীয় বিদ্রোহী ও সরকারি বাহিনী উভয়ের প্রতি অস্ত্রবিরতি করতে ও ব্যাপকভিত্তিক শান্তিচুক্তি মেনে নিতে আহ্বান জানিয়েছিলেন পুতিন।

পুতিন ও তিনি একটি যুদ্ধবিরতির বিষয়ে একমত হয়েছেন পোরোশেঙ্কো এমন ঘোষণা দেয়ার পর অস্ত্র ত্যাগ করার জন্য বিদ্রোহীদের প্রতি সরাসরি আহ্বান জানিয়েছিলেন পুতিন।

এতে অন্ততপক্ষে ২৬০০ জনের প্রাণহানীর পর ইউক্রেইনের লড়াই বন্ধ হওয়ার আশা জেগেছিল। কিন্তু ইউক্রেইনীয় প্রধানমন্ত্রীর বিপরীত মন্তব্যে সেই আশা মুছে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।