২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৩০ বছর শাস্তির পর প্রমাণ হল তারা নিরপরাধ!

ধর্ষণ ও খুনের অপরাধে ৩০ বছর কারাবাসের পর যুক্তরাষ্ট্রের দুজন নাগরিক ডিএনএ পরীক্ষায় নিরপরাধ প্রমাণিত হওয়ার পর মুক্তি পেয়েছেন।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2014, 03:02 PM

Updated : 16 Sep 2026, 04:33 PM

যুক্তরাষ্ট্রের উত্তর ক্যারোলাইনা রাজ্যে এ ঘটনা ঘটেছে বলে বুধবার জানিয়েছে বিবিসি।

রাজ্যটির ১১ বছরের এক বালিকাকে ধর্ষণ ও খুনের অভিযোগে ১৯৮৪ সালে মানসিক প্রতিবন্ধী দুই সৎ ভাই হেনরি ম্যাককুলাম ও লিওন ব্রাউনকে দোষী সাব্যস্ত করে দুজনকেই মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছিল। পরে ব্রাউনের শাস্তি কমিয়ে আজীবন কারাদণ্ড দেয়া হয়।

কিন্তু আটকাবস্থায় নিজেদের বারবার নির্দোষ দাবি করে আসছিলেন দুই ভাই। তাদের এসব আবেদনের পরিপ্রেক্ষিতে ঘটনাস্থল থেকে উদ্ধার করা ডিএনএ নমুনা সম্প্রতি পরীক্ষার করা হয়। এই ঘটনার জন্য একই ধরনের অপরাধে কারাগারে আটক অপর এক ব্যক্তি দায়ী বলে পরীক্ষায় প্রমাণ পাওয়া যায়।

এর পরপরই মঙ্গলবার ওই দুই ভাইকে মুক্তি দেয়ার আদেশ দেয় উত্তর ক্যারোলাইনার একটি আদালত।

বর্তমানে ম্যাককুলামের বয়স ৫০ আর ব্রাউনের বয়স ৪৬।

১৯৮৩ সালে রাজ্যটির রেড স্প্রিংসে ১১ বছর বয়সী সাবরিনা বুয়ির প্রায় নগ্ন মৃতদেহ পাওয়া যায়। খুনের আগে তাকে ধর্ষণ করা হয়েছিল।

ঘটনার সঙ্গে তাদের জড়িত থাকার সুনির্দিষ্ট কোনো প্রমাণ না থাকা সত্বেও এর কয়েক সপ্তাহ পর পুলিশ ১৯ বছর বয়সী ম্যাককুলাম ও ১৫ বছর বয়সী ব্রাউনকে ধরে নিয়ে যায়।

পরিবারের কোনো সদস্য বা কোনো আইনজীবীর উপস্থিতি ছাড়াই পাঁচঘন্টার ব্যাপক জিজ্ঞাসাবাদের মুখে ম্যাককুলাম ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। এরপর পুলিশের লিখিত একটি স্বীকারোক্তিতে সই করেন তার ছোট ভাই ব্রাউন।

কিন্তু মামলাটি আদালতে তোলা হলে দুজনেই তাদের স্বীকারোক্তি অস্বীকার করে তা জোর করে আদায় করা হয়েছে বলে দাবি করেন।

মামলাটি যথেষ্ট দুর্বল হওয়ার পরও আদালত তাদের দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেয়।

পরে ব্রাউনের সাজা কমানো হলেও ম্যাককুলামের সাজা বহাল থাকে। ভুয়া স্বীকারোক্তি দেয়ার পর থেকেই দুই ভাই নিজেদের নির্দোষ দাবি করতে থাকেন।

অবশেষে ২০১০ সালে উত্তর ক্যারোলাইনার নিরপরাধ তদন্ত কমিশন এই মামলাটি দেখার দায়িত্ব নেয় এবং ঘটনার সঙ্গে দুই ভাই জড়িত নয় বলে প্রমাণ পায়।

কমিশন দেখতে পায়, ঘটনাস্থল থেকে পাওয়া অপরাধীর ডিএনএ নমুনা ম্যাককুলাম বা ব্রাউন কারোর ডিএনএ’র সঙ্গেই মিলছে না।

ঘটনার বিষয়ে ব্রাউনের আইনজীবী অ্যান কিরবি বলেছেন, “এই মামলাটি একটি ট্র্যাজেডি। এতে এই মামলার সঙ্গে জড়িতদের জীবনই শুধু ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়নি, উত্তর ক্যারোলাইনার বিচার বিভাগও ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।”