সিনঝিয়াংয়ে সন্ত্রাস: ৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর
চীন সিনঝিয়াং প্রদেশে সন্ত্রাসী হামলা চালানোর অভিযোগে আট জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে।
এদের মধ্যে তিনজন ২০১৩ সালের অক্টোবরে রাজধানীর তিয়েনআনমেন স্কয়ারে একটি সন্ত্রাসী হামলার নেতৃত্ব দিয়েছিল বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়েছে।
ওইদিন একটি গাড়ি বেইজিংয়ের ওই জনসমাগম এলাকায় ঢুকে পড়লে পাঁচজন নিহত ও অপর ৪০ জন আহত হয়।
অন্যদেরকে সন্ত্রাসী কাজে জড়িত থাকা, পুলিশের ওপর হামলা, সরকারি কর্মকর্তাদের হত্যা করাসহ অন্যান্য অপরাধে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল।
চীনের সিনঝিয়াং প্রদেশে উইঘুর মুসলিমদের বাস। সাম্প্রতিক সময় চীনের বিভিন্ন এলাকায় হামলার ঘটনার জন্য উইঘুরদের দায়ী করছে সরকার।
উইঘুর বিচ্ছিন্নতাবাদীরা সিনঝিয়াং-এ স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন করছে।
গত কয়েকদিন ধরে একের পর এক এই আটজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
সিনঝিয়াংয়ের নির্বাসিত উইঘুর নেতা এবং মানবাধিকারকর্মীরা অভিযোগ করছেন, সরকারের দমননীতির কারণে সেখানে সংঘাতের সৃষ্টি হচ্ছে।
