২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ ঘটিয়েছে মিশরের আইনশৃঙ্খলা বাহিনী

এক বছর আগে মিশরীয় নিরাপত্তা বাহিনীর অভিযানে ৮১৭ নাগরিক নিহত হওয়ার ঘটনাকে মানবতা বিরোধী অপরাধের সামিল বলে মনে করছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন ‘হিউম্যান রাইটস ওয়াচ’ (এইচআরডব্লিউ)।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2014, 09:16 PM

Updated : 19 Sep 2026, 02:19 PM

মঙ্গলবার প্রকাশিত সংগঠনটির মানবাধিকার বিষয়ক একটি প্রতিবেদনে বলা হয়, ২০১৩ সালে দেশটির রাবা আল-আদাবিয়া মসজিদ প্রাঙ্গণে অবস্থানরত আন্দোলনকারীদের সরানোর অভিযানে পুলিশ ও সেনাসদস্যরা পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটিয়েছে, যাতে সহস্রাধিক মানুষ নিহত হয়ে থাকতে পারে।

তবে মানবাধিকার সংস্থাগুলো নিহতের সংখ্যা ৮১৭ উল্লেখ করেছে। গত বছর জুলাইয়ে মিশরের তৎকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির পদত্যাগের দাবিতে তীব্র আন্দোলন শুরু হয়। এক পর্যায়ে মুরসিকে উৎখাত করে ক্ষমতা দখল করে সেনাবাহিনী।

ওই ঘটনাকে ‘অভ্যুত্থান’ আখ্যা দিয়ে রাজপথে অবিরাম বিক্ষোভ শুরু করে মুরসির দল মুসলিম ব্রাদারহুড ও অন্যান্য ইসলামপন্থি দলের সমর্থকরা।

রাজপথের ওই বিক্ষোভ ভেঙে দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তখন একাধিক অভিযান চালায়, যাতে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার করা হয়েছিল বলে এইচআরডব্লিউ’র প্রতিবেদনে উল্লেখ করা হয়।

২০১৩ সালের ১৪ অগাস্ট রাবা আল-আদাবিয়া মসজিদে অবস্থানকারীদের উচ্ছেদ অভিযান চালায় আইন-শৃঙ্খলা বাহিনী, যাতে বহু মানুষ হতাহত হয়।

সংগঠনটির নির্বাহী পরিচালক কেনেথ রোথ বলেন, “ওটা ছিল বিশ্বে সাম্প্রতিককালে একদিনে সবচেয়ে বৃহৎ হত্যাকাণ্ড গুলোর অন্যতম”।

আগের দিন সোমবার মিশরের মানবাধিকার প্রতিবেদন প্রকাশ করতে এইচআরডব্লিউ’র নির্বাহী পরিচালক কেনেথ রোথ ও সংগঠনটির মধ্যপ্রাচ্য ও আফ্রিকা অঞ্চলের পরিচালক সারাহ লেহ হুইটসন কায়রোতে এসেছিলেন।

তবে ১২ ঘণ্টা বিমানবন্দরে বসিয়ে রেখে নিরাপত্তার কারণ দেখিয়ে তাদেরকে ফেরৎ পাঠানো হয়।

এইচআরডব্লিউ’র প্রতিবেদনে বলা হয়, “মিশরের পুলিশ ও আর্মি বিক্ষোভস্থলের ভিড় লক্ষ্য করে পদ্ধতিগতভাবে সরাসরি গুলি চালিয়েছে। প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেছে তারা।”

মুরসির পতনের পর মিশরের সেনা নিয়ন্ত্রিত সরকারের নিয়ন্ত্রক ছিলেন সেনাপ্রধান সিসি। গত মে মাসে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন তিনি।

এই প্রথম এইচআরডব্লিউ’র কর্মকর্তারা মিশরে প্রবেশে বাধা পেয়েছেন বলে অপর এক বিবৃতিতে উল্লেখ করে সংগঠনটি। এমন কী সাবেক স্বৈরশাসক হুসনি মুবারকের সময়ও এমনটি হয়নি বলে এতে উল্লেখ করা হয়।