উড়িষ্যায় বন্যায় ৪৫ জনের মৃত্যু
ভারতের উড়িষ্যা রাজ্যে কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় ৪৫ জনের মৃত্যু হয়েছে।
রাজ্যটির বন্যাকবলিত এলাকার ৩ লাখেরও বেশি গ্রামবাসী বিচ্ছিন্ন অবস্থায় নিত্য প্রয়োজনীয় পণ্য ও সেবা থেকে বঞ্চিত রয়েছেন বলে সোমবার জানিয়েছেন সরকারি কর্মকর্তারা।
প্রবল বৃষ্টিপাতে মহানদীর পানি বেড়ে দু’কূল ছাপিয়ে যায়। এতে বিশাল এলাকার কৃষিজমি ও রাস্তা তলিয়ে যায়। পানির প্রবল তোড়ে অনেক সেতুও ভেসে যায়।
দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা জানিয়েছেন, উড়িষ্যার ৩০টি জেলার মধ্যে ২৩টি বন্যা কবলিত হয়েছে।
এসব জেলার বিচ্ছিন্ন হয়ে পড়া গ্রামগুলোর লাখ লাখ বাসিন্দার কাছে শুকনো খাবার, বিশুদ্ধ পানি, প্লাস্টিক শিট ও অন্যান্য ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়ার জন্য কয়েকশ’ নৌকার ব্যবস্থা করা হয়েছে।
উড়িষ্যার বিশেষ ত্রাণ কমিশনার পি কে মহাপাত্র থমসন রয়টার্স ফাউন্ডেশনকে বলেছেন, “লোকজন উঁচু এলাকায় আশ্রয় নিয়েছেন এবং তারা নিরাপদ আছেন। পানি থাকায় তারা কয়েক দিনের মধ্যে বাড়িতে ফিরতে পারবেন না।”
তিনি জানিয়েছেন, এক লাখেরও বেশি মানুষ সরকারি ত্রাণ শিবিরগুলোতে আশ্রয় নিয়েছে, তাদের রান্না করা খাবার পরিবেশন করা হচ্ছে।
বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলা কেন্দ্রাপাড়া ও পুরিতে হাজার হাজার গ্রামবাসী নদীর বাঁধে, বহুতল ভবনে এবং সাইক্লোন শেল্টারে আশ্রয় নিয়েছেন।
উড়িষ্যার সাম্প্রতিক এ বন্যায় ৩০ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শত শত গবাদিপশু মারা গেছে। ৩২ লাখ হেক্টর এলাকার ধান নষ্ট হয়েছে।
বন্যায় রাজ্যটির ৩৫ লাখ মানুষের স্বাভাবিক জীবনধারা ব্যাহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
